| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আমলাপাড়া পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, বোস কেবিনে খেলেন চা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৬ ইং | ২২:১৯:২৪:অপরাহ্ন  |  ৭০৬ বার পঠিত
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আমলাপাড়া পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, বোস কেবিনে খেলেন চা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের শতবর্ষের ঐতিহ্যবাহী আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় পূজামণ্ডপের সাজসজ্জা ও আয়োজকদের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। এর আগে তিনি নগরীর ঐতিহ্যবাহী বোস কেবিনে যান এবং সেখানে চায়ের স্বাদ গ্রহণ করেন।

আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জানার পর থেকেই তিনি একটি পূজামণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা করেন। বিশেষ করে এমন একটি জায়গায় যেতে চেয়েছিলেন, যেখানে এর আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত যাননি।

এ সময় তিনি পূজামণ্ডপের দৃষ্টিনন্দন সাজসজ্জা ও উৎসবের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আন্তরিক আতিথেয়তার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে পূজামণ্ডপে বাংলা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করা হয়। পাশাপাশি পূজামণ্ডপের ঐতিহ্য ও কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা ও কোষাধ্যক্ষ সানি সাহাসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এ ছাড়া রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।

এদিকে নারায়ণগঞ্জ সফরের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন। এ সময় তিনি ফাউন্ডেশনের কারুপল্লিতে অবস্থিত জামদানি পল্লী ঘুরে দেখেন এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প সম্পর্কে ধারণা নেন।

মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে কেন্দ্র করে আমলাপাড়া পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

​রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪