রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী শহরের বড় বাজারে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় করা মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জাকিয়া সুলতানা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করার পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি ১ নম্বর ওয়ার্ডের মৃত জমজম খানের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), একই ওয়ার্ডের ধুঞ্চি ২৮ কলোনি এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. রুবেল হোসেন (১৯) এবং পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধুঞ্চি গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৮)।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ মঙ্গলবার গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এজাহার সূত্রে জানা যায়, জাকিয়া সুলতানা রাজবাড়ী বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টেস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার প্রতিষ্ঠানের এক কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধ দেখা দেয়। এর জেরে গত ২৩ আগস্ট ওই কর্মচারী ১৫ থেকে ২০ জন লোক নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে বেতন দাবি ও তাকে হুমকি দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এর আগে গত শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজবাড়ী শহরের বড় বাজারে জাকিয়া সুলতানাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতে ওই নারীকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক এসে তাকে লাথি মারছেন। পরে আরও কয়েকজন যুবক তাকে মারধর ও লাথি দেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। পাশাপাশি জাকিয়া সুলতানাকে ম্যাজিস্ট্রেট এবং ঘটনাটিকে ভোক্তা অধিকার সংক্রান্ত অভিযানের সময়ের ঘটনা দাবি করে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব দাবি সঠিক নয়।
রিপোর্টার্স২৪/রাফিদ