বগুড়া প্রতিনিধি: ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্যান্টিনে চলন্ত অবস্থায় ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। তবে ঘটনার সঙ্গে দুই পুলিশ সদস্যসহ আরও কয়েকজন জড়িত থাকার অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।
সোমবার (৩১ আগস্ট) সকালে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিককে আদালতে পাঠানো হয়েছে। আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে যাত্রা করছিলেন ওই নারী। চলন্ত ট্রেনের ক্যান্টিনে নিয়ে তাঁকে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর চিৎকার শুনে ট্রেনের যাত্রীরা এগিয়ে আসেন। পরে তাঁরা আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। তাঁদের মধ্যে দুই পুলিশ সদস্যের নামও উল্লেখ রয়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে মামলায় পুলিশ সদস্যদের নাম থাকার বিষয়ে তথ্য জানতে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন গড়িমসি করছেন বলে সাংবাদিকদের অভিযোগ রয়েছে।
ওসি দুলাল উদ্দীন বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী ঘটনার সঙ্গে পুলিশ সদস্যও জড়িত থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে অন্য অভিযুক্তদের সম্পৃক্ততার বিষয়টিও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব