| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ: ধর্মমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ইং | ১৮:০৬:২৬:অপরাহ্ন  |  ২২৭ বার পঠিত
হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ: ধর্মমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী হজের নিবন্ধন ও সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি আরব সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে বাংলাদেশি হাজিদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) শ্রেষ্ঠ হজ গাইডদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার পাশাপাশি বাংলাদেশি হাজিদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। আগামী হজের নিবন্ধন থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে বিষয়েও সৌদি সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

গত হজে একটি এজেন্সির অব্যবস্থাপনার কারণে দুইজন হজযাত্রী নির্ধারিত সময়ে হজে যেতে পারেননি উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, পরে পুলিশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের হজে পাঠানোর ব্যবস্থা করা হয়। এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।

হাজিদের সেবার বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, গতবার সরকার বিনামূল্যে এক লাখ পানির বোতল সরবরাহ করেছে। পাশাপাশি হাজিদের লাগেজ র‍্যাপিংয়ের জন্যও কোনো অর্থ ব্যয় করতে হয়নি। সরকারের ব্যবস্থাপনাতেই পুরো কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, হাজিদের সেবার মান আরও উন্নত করার জন্য সরকার কাজ করছে। এ ক্ষেত্রে হজ গাইডদের দায়িত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই হজ গাইডদের আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

হজ গাইডদের সেবার মান আরও বাড়ানোর আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ভালো কাজ করলে ভবিষ্যতে হজ গাইডদের জন্য আরও সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে তাদের আজকের চেয়েও বড় পরিসরে পুরস্কৃত করা হবে।

এবার শ্রেষ্ঠ হজ গাইডদের মোট পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এ পুরস্কারের অর্থ আরও বাড়ানো হবে।

ধর্মমন্ত্রী আরও বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবার কোনো হাজির লাগেজ হারিয়ে যায়নি। হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন হজ পালনের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, এবারের হজ কার্যক্রমে সাশ্রয় হওয়া অর্থ আগামীকাল সরকারের কাছে হস্তান্তর করবে ধর্ম মন্ত্রণালয়।

অনুষ্ঠানে হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, হজ গাইডসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪