| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৬ ইং | ১৯:১২:১১:অপরাহ্ন  |  ৬৪২ বার পঠিত
চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী কিংদাওয়ে একটি বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ আগুন লেগে অন্তত ২০ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কারখানায় জাহাজ মেরামতকালে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। রয়টার্স জানিয়েছে, ওই ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটে কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডে। মেরামত ও পরিদর্শনকাজ চলার সময় স্থানীয় সময় সকাল ১১টার দিকে জাহাজটিতে আগুন লাগে। ওই সময় জাহাজে মোট ৪২ জন ছিলেন। তাদের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং আরও পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এপি’র খবরে বলা হয়েছে, প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে দ্রুত ও জোরালো অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের বড় দুর্ঘটনা ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

সিনহুয়ার প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘Ocean Melody’ হিসেবে শনাক্ত করা হয়েছে। জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী। দুর্ঘটনার সময় এটি মেরামতের জন্য কিংদাওয়ের ওই শিপইয়ার্ডে অবস্থান করছিল। শিপইয়ার্ডটি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন বড় এক কোম্পানির অধীন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪