| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিলামে উঠছে লেডি ডায়ানার ঐতিহাসিক পোশাক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৬ ইং | ১২:৪০:২৯:অপরাহ্ন  |  ২৪০৭ বার পঠিত
নিলামে উঠছে লেডি ডায়ানার ঐতিহাসিক পোশাক
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: পপ সংস্কৃতির ইতিহাস ও ফ্যাশন জগতের অন্যতম চর্চিত ও আইকনিক পোশাক, রাজকুমারী ডায়ানার সেই বিখ্যাত 'রিভেঞ্জ ড্রেস' আবারও নিলামে উঠতে যাচ্ছে। আন্তর্জাতিক নিলাম সংস্থা সোদেবিস জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য একটি বিশেষ নিলামে তোলা হবে গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের নকশা করা রাজকুমারী ডায়ানার এই কাঁধখোলা কালো রেশমি পোশাকটি। 

ফ্যাশন বিশেষজ্ঞদের ধারণা, ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্বের কারণে এই নিলামে পোশাকটির দাম প্রায় ৩ লাখ মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে।

ঘটনাটি ১৯৯৪ সালের ২০ নভেম্বরের। তৎকালীন ব্রিটিশ যুবরাজ এবং বর্তমানে রাজা তৃতীয় চার্লস এক টেলিভিশন সাক্ষাৎকারে ডায়ানার সাথে বিবাহবন্ধনে থাকাকালীন কামিলা পার্কার বোলসের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ার কথা প্রকাশ্যে স্বীকার করেন। ব্রিটিশ রাজপরিবার যখন এমন একটি বিতর্কিত ও স্পর্শকাতর পরিস্থিতিতে দিশেহারা, ঠিক সেই রাতেই লন্ডনের সার্পেনটাইন গ্যালারিতে ভ্যানিটি ফেয়ারের একটি চ্যারিটি ডিনারে উপস্থিত হন প্রিন্সেস ডায়ানা। তিনি রাজকীয় নিয়মকানুনের তোয়াক্কা না করে পরেন গাঢ় কালো রঙের আকর্ষণীয় পোশাক, সাথে রয়্যাল জুয়েলারি ও কালো হিল।

হাতে কালো ক্লাচ ও মার্জিত ভঙ্গিতে একটি ভিনটেজ জ্যাগুয়ার গাড়ি থেকে নেমে এসে ডায়ানা যে সাহসী আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছিলেন, তা রাজপরিবারের বিতর্ককে ছাপিয়ে তৎকালীন আন্তর্জাতিক মিডিয়ার শিরোনামে উঠে আসে। ফ্যাশন ও বিনোদন সংবাদ মাধ্যমগুলো পরদিনই এই পোশাকটিকে 'রিভেঞ্জ ড্রেস' বলে অভিহিত করে। পরবর্তীতে বিশ্বজুড়ে এটি কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজের আত্মমর্যাদা ফিরিয়ে আনার ফ্যাশন প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়।

সোদেবিসের হ্যান্ডব্যাগ ও ফ্যাশন বিভাগের বিশ্বপ্রধান মরগান হালিমি এক বিবৃতিতে বলেন, যেখানে ভাষা ব্যর্থ হয়, ফ্যাশন সেখানে ভাষা হয়ে উঠতে পারে; প্রিন্সেস ডায়ানা এই সত্যটি সহজবোধ্যভাবে বুঝতেন। রাজপরিবারের এক প্রচণ্ড মানসিক উত্তেজনাকর এবং কঠোর নজরদারির মুহূর্তে ডায়ানা এই পোশাকটি পরিধান করে নিজের জীবনের গল্পটি নিজে নিয়ন্ত্রণ করেছিলেন। এর মাধ্যমে তিনি বিশ্বকে বুঝিয়ে দেন যে তাঁর জীবনের কথা অন্য কেউ লিখে দেবে না, তিনি নিজেই নিজের রাজত্ব নির্ধারণ করবেন।

সোদেবিস জানায়, ১৯৯৭ সালে রাজকুমারী ডায়ানা ক্যান্সার ও এইডস রোগীদের সহায়তায় তহবিল গঠনের জন্য তাঁর মোট ৭৯টি বিলাসবহুল গাউন নিলামে তুলেছিলেন। সে সময় ডায়ানার মৃত্যুর মাত্র দুই মাস আগে এই বিখ্যাত পোশাকটি শেষবারের মতো নিলাম করা হয়েছিল। দীর্ঘ তিন দশক ধরে জনসাধারণের আড়ালে থাকার পর অবশেষে পোশাকটি ফের আন্তর্জাতিক আলোয় আসছে।

সূত্র: বিবিসি

রিপোর্টার্স২৪/এম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪