| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শত্রুতা ভুলে বন্ধুত্বের পথে ইরান ও আমিরাত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ইং | ২৩:৩৩:৪৯:অপরাহ্ন  |  ৫৭৮৯ বার পঠিত
শত্রুতা ভুলে বন্ধুত্বের পথে ইরান ও আমিরাত

ইন্টারন্যাশনাল ডেস্ক: নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নাটকীয় ও যুগান্তকারী মোড় দেখা গেছে। দীর্ঘদিনের বৈরিতা দূরে ঠেলে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান। তীব্র সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে দুই নেতার এই উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোড়ন তুলেছে। 

বৈঠকে অত্যন্ত উষ্ণ সুরে ইরানের প্রেসিডেন্ট নিশ্চিত করেন যে, অতীতের সব তিক্ততা ভুলে সংযুক্ত আরব আমিরাতের সাথে যৌথভাবে ভবিষ্যৎ বিনির্মাণের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে তেহরান। উপসাগরীয় দেশগুলোর সাথে ইরানের এই ক্রমবর্ধমান কূটনৈতিক সখ্য এবং হরমুজ প্রণালী ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ওমানে আসন্ন বৈঠকের ঠিক প্রাক্কালে এই সৌহার্দ্যের বার্তা এল। উল্লেখ্য, কিছুদিন আগেও দুবাই ও আবুধাবি তেহরানের বিরুদ্ধে বাণিজ্যিক ও আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। মার্কিন-ইসরাইলি আগ্রাসন এবং পাল্টাপাল্টি ইরানি হামলায় মধ্যপ্রাচ্য উত্তপ্ত হওয়ার পর দুই দেশের শীর্ষ পর্যায়ে এটিই প্রথম সরাসরি বৈঠক।

এনডিটিভির বরাত দিয়ে জানা গেছে, আমিরাতের ক্রাউন প্রিন্সকে নিজের ‘ভাই’ হিসেবে সম্বোধন করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে মার্কিন উপস্থিতির প্রতি ইঙ্গিত করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, প্রতিবেশী কোনো দেশের সাথে ইরানের কোনো বিরোধ নেই; বরং এসব অঞ্চলে গড়ে ওঠা মার্কিন সামরিক ঘাঁটিগুলোই সব সংকটের মূল উৎস, যেগুলোকে ব্যবহার করে তেহরানকে নিশানা করা হচ্ছে। ভ্রাতৃপ্রতিম প্রতিবেশীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্য কোনো পক্ষ যেন তাদের ভূখণ্ড ব্যবহার করে আঞ্চলিক প্রতিবেশীদের ওপর আক্রমণ চালানোর সুযোগ না পায়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর সাথে ইরানের এই ঘনিষ্ঠতা ও ওমানের আসন্ন বৈঠককে পাত্তা না দিয়ে বেশ উদাসীন ভঙ্গি প্রকাশ করেছেন। ওয়াশিংটন ও তেল আবিবের রক্তচক্ষু উপেক্ষা করে ব্রিকসের ১১টি সদস্য দেশ যৌথভাবে গৃহীত ‘নিউ দিল্লি ডিক্লেয়ারেশন ২০২৬’-এ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্ববাণিজ্য ও জ্বালানি সরবরাহ সুরক্ষার স্বার্থে সর্বোচ্চ সংযম ও সংলাপের ওপর জোর দেওয়া হলেও, ট্রাম্পের এ ধরনের নির্বিকার মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় মিত্রদের মধ্যকার ফাটলকে আরও স্পষ্ট করে তুলেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪