| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতিসংঘে মুখোমুখি বিশ্বকূটনীতির বড় ৩ চরিত্র

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং | ১৭:৪৩:৫২:অপরাহ্ন  |  ৩৪৬ বার পঠিত
জাতিসংঘে মুখোমুখি বিশ্বকূটনীতির বড় ৩ চরিত্র

রিপোর্টার্স২৪ ডেস্ক: যুদ্ধ, কূটনৈতিক টানাপোড়েন আর মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবহে নিউইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশন। এবারের অধিবেশনে বিশেষ নজর থাকছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দিকে।

ইরান যুদ্ধ, গাজা পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে তাদের অবস্থান আন্তর্জাতিক কূটনীতির আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শুরু হওয়া সাধারণ বিতর্কে বিশ্বের প্রায় ১৩০ জন রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের সূচি অনুযায়ী, উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার জাতিসংঘে ভাষণ দেবেন ট্রাম্প।

একই দিনে যুক্তরাজ্য, ইউক্রেন, ডেনমার্ক, গ্রিনল্যান্ড এবং উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে তার একাধিক বৈঠকের সূচি রয়েছে। ইরান যুদ্ধ ও ইয়েমেনে হুথিদের তৎপরতা এসব আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও অধিবেশনে অংশ নিচ্ছেন। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলকে নিউইয়র্কে আসার অনুমতি দিলেও তাদের ওপর ভ্রমণ ও অন্যান্য ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৃহস্পতিবার জাতিসংঘে ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার নিউইয়র্ক সফর ঘিরে জাতিসংঘের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে তার বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষোভের প্রস্তুতির কথাও জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এবারের অধিবেশনে গাজা পরিস্থিতি, ইরান যুদ্ধ ও ইউক্রেন যুদ্ধের পাশাপাশি হুথিদের হামলা, আন্তর্জাতিক বাণিজ্যপথের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তার ও এর সম্ভাব্য ঝুঁকিও বিশ্বনেতাদের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

সব মিলিয়ে যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে শুরু হওয়া এবারের জাতিসংঘ অধিবেশনে ট্রাম্প, পেজেশকিয়ান ও নেতানিয়াহুর উপস্থিতি আন্তর্জাতিক কূটনীতির আলোচনায় বাড়তি গুরুত্ব যোগ করেছে।

তথ্যসূত্র: রয়টার্স, গালফ নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস ও জাতিসংঘ


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪