রিপোর্টার্স২৪ ডেস্ক: নারীদের ওপর সংঘটিত ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে আয়োজিত নারী ও কন্যাশিশুর প্রতি প্রযুক্তিনির্ভর সহিংসতা বিষয়ক জি-৭৭ ও উদীয়মান অংশীদারদের মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের গৃহীত শক্তিশালী আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপসমূহ—যেমন দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া, আইনি সহায়তা, সামাজিক সুরক্ষা, পুনর্বাসন, নিরাপদ আশ্রয় এবং মনস্তাত্ত্বিক সহায়তা তুলে ধরেন। এ ছাড়া, নিরাপদ গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি চালু হওয়া নারীদের জন্য বিশেষ পিংক বাস সার্ভিস এর কথাও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সংঘাত-কবলিত নারীদের সুরক্ষায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন; যার মধ্যে রয়েছে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় নেয়া রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের সহায়তা প্রদান।
তিনি ডিজিটাল হয়রানি প্রতিরোধ, তদন্ত ও প্রতিকারের লক্ষ্যে স্বেচ্ছামূলক নির্দেশিকা প্রণয়নের জন্য বাংলাদেশের নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়টিও তুলে ধরেন এবং সদস্য রাষ্ট্রগুলোকে এর ‘গ্রুপ অফ ফ্রেন্ডস’এ যোগ দেয়ার আহ্বান জানান।
ক্রোয়েশিয়া এবং ইউএন উইমেন-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে নারী ও কন্যাশিশুদের ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন ডিজিটাল হুমকি যেমন হয়রানি, মানহানি, ছদ্মবেশ ধারণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে অপব্যবহার—নিয়ে আলোচনা করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম