ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে কাজের সুযোগ চাওয়া বিদেশি শিক্ষার্থীদের অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) প্রোগ্রামের জন্য ৭০ হাজার মার্কিন ডলার ফি আরোপের প্রস্তাব করা হয়েছে। একই সাথে এই সুবিধার পরবর্তী প্রতিবার নবায়নের জন্য ৩০ হাজার ডলার ফি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনের বরাতে জানা যায়, মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এই নতুন কাঠামোর সুপারিশ করেছে। প্রস্তাব অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কোনো শিক্ষার্থীর প্রথমবার ওপিটি অংশগ্রহণের জন্য ৭০ হাজার ডলার এবং পরবর্তী সময়ে প্রতিবার নবায়নের জন্য ৩০ হাজার ডলার ফি প্রদান করতে হবে। ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধ ও সস্তা বিদেশী শ্রমিকের ওপর নির্ভরতা কমানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিএইচএস জানিয়েছে।
বিদ্যমান ওপিটি ব্যবস্থার অধীনে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়ালেখা শেষে এক বছরের জন্য কাজের সুযোগ পান এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) বিষয়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কাজ করতে পারেন। তবে স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (এসইভিপি) জানিয়েছে, কিছু শিক্ষা প্রতিষ্ঠান, নিয়োগকর্তা ও শিক্ষার্থী ভুয়া কর্মস্থল এবং অর্থের বিনিময়ে থাকার ব্যবস্থার মাধ্যমে নিয়ম লঙ্ঘন করছে।
পিকটিআই-এর তথ্য অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৩ লাখ ৬৩ হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে ভারতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশী শিক্ষার্থীর উৎস ছিল। কমন অ্যাপের প্রতিবেদন অনুযায়ী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্থানীয় অর্থনীতিতে ৪১.৭৭ বিলিয়ন ডলার অবদান রাখে যা ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৩৮.৩৭ বিলিয়ন ডলার হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে নাফসা এবং জেবি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে নিবন্ধিত বিদেশী শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের ১১.৬৯ লাখ থেকে কমে এবার ১০.৫৭ লাখে নেমে এসেছে।
চূড়ান্ত বাস্তবায়নের আগে এই প্রস্তাবের ওপর মতামত জানানোর জন্য সাধারণ মানুষকে ৬০ দিন সময় দেওয়া হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠনগুলোর আইনি চ্যালেঞ্জের কারণে এই প্রস্তাব বাস্তবায়ন পিছিয়ে যেতে পারে।
সূত্র: টাইমস নাউ
রিপোর্টার্স২৪/ঝুম