নাটোর প্রতিনিধি: নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হলে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হবে। প্রয়োজনে তাঁদের সাময়িক বরখাস্তের ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
রোববার (১৮ অক্টোবর) সকালে নাটোর জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে হাসপাতালের জনবলসংকট, ওষুধ ও খাবারের অপর্যাপ্ত বরাদ্দ এবং পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন হুইপ দুলু। তিনি বলেন, হাসপাতালটি ২৫০ শয্যায় পরিচালিত হলেও জনবল, ওষুধ ও খাবারের বরাদ্দ দেওয়া হচ্ছে ১০০ শয্যার হিসাব অনুযায়ী। অথচ প্রতিদিন এখানে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। প্রায় ৯০০ রোগীর জন্য মাত্র ১০০ জনের খাবারের বরাদ্দ অত্যন্ত দুঃখজনক। অনেক রোগী খাবার না পাওয়ার অভিযোগও করেছেন।
হাসপাতালের এসব সমস্যা সমাধানে স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং জবাবদিহিতে বিশ্বাসী। সাধারণ মানুষ যাতে যথাযথ চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করতে হবে।
হাসপাতালের বাথরুমের অপরিচ্ছন্নতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন হুইপ। তিনি বলেন, অপরিচ্ছন্ন বাথরুম রোগীদের স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। এ কারণে বাথরুমসহ হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি প্রসঙ্গে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সকাল ৮টার মধ্যে সবার কর্মস্থলে উপস্থিত থাকার কথা। কিন্তু রোববার সকালে পরিদর্শনে গিয়ে সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত অপেক্ষা করেও অনেক চিকিৎসক ও কর্মচারীকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে নাটোরের সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি বেতন ও সুযোগ-সুবিধা গ্রহণের পরও নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থেকে রোগীদের সেবা না দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের শোকজসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে সাময়িক বরখাস্তের ব্যবস্থাও করা হবে।
পরিদর্শনকালে নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. মাহাবুবুর রহমানসহ চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/রাফিদ