| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে হাসপাতাল সড়ক দখল করে দোকান, যানজটে চরম ভোগান্তি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৬ ইং | ১৭:৩৪:৩৬:অপরাহ্ন  |  ২৩১২৭ বার পঠিত
অভয়নগরে হাসপাতাল সড়ক দখল করে দোকান, যানজটে চরম ভোগান্তি

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলায় হাসপাতাল সড়ক দখল করে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট। পাশাপাশি সড়কে অবৈধভাবে ইজিবাইক, ইজিভ্যান ও মাহেন্দ্র দাঁড়িয়ে থাকায় প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানজট। এতে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতকারী রোগী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হাসপাতাল সড়কটি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের অন্যতম প্রধান পথ। একই সঙ্গে উপজেলার তিনটি ইউনিয়ন ও পৌরসভার কয়েকটি ওয়ার্ডের মানুষের নওয়াপাড়া বাজারে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক এটি।

স্থানীয়দের অভিযোগ, নওয়াপাড়া বাজারের প্রাণকেন্দ্র নূরবাগ থেকে পশু হাসপাতাল মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ দখল করে বসানো হয়েছে অস্থায়ী দোকানপাট। সড়কের ওপর রয়েছে ইজিবাইক ও ভ্যানের স্ট্যান্ড। দোকানগুলোতে পণ্যের পসরা সাজিয়ে বসছেন বিক্রেতারা। ক্রেতাদের ভিড়েও সংকুচিত হয়ে পড়েছে চলাচলের জায়গা। ব্যস্ততম ও তুলনামূলক সরু সড়কটি কার্যত অস্থায়ী বাজারে পরিণত হয়েছে।

অভিযোগ রয়েছে, সড়কের পাশের স্থায়ী দোকানিরাও তাঁদের দোকানের সামনের অংশ দখল করে ব্যবসা পরিচালনা করছেন। ভ্যানে করে কাপড়, ফলমূল ও গৃহস্থালির বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে সড়কের বড় একটি অংশজুড়ে। ফলে পথচারীদের স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ থাকছে না। বিশেষ করে রোগী নিয়ে হাসপাতালে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তি আরও বাড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, হাসপাতাল সড়কের অনেক দোকানদার নিজেদের ব্যবসায়িক ক্ষতি পুষিয়ে নিতে দোকানের সামনের সড়কের অংশ অন্যদের ভাড়া দিয়ে থাকেন।

এক ভাসমান দোকানি জানান, তাঁর মতো অনেক ক্ষুদ্র ব্যবসায়ী স্থায়ী দোকানদারদের নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দোকানের সামনের সড়কের অংশে বসে ব্যবসা করেন।

স্থানীয় পথচারী সুজন বলেন, “এই রাস্তা দিয়ে হেঁটে চলা প্রায় অসম্ভব। সড়কের অর্ধেক পর্যন্ত দোকানদারদের দখলে। এর ওপর পুরো রাস্তা জুড়ে ভ্যান ও ইজিবাইক দাঁড়িয়ে থাকে। ফলে হাঁটার জায়গা পাওয়া যায় না। প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। সারাদেশে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে মানুষের চলাচল নির্বিঘ্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অথচ আমাদের এলাকার পরিস্থিতির কার্যকর সমাধান হচ্ছে না।”

এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দীপু বলেন, সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪