রাজবাড়ী প্রতিনিধি: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোয়ালন্দ উপজেলা শাখার সম্পাদক ও রাজবাড়ী জেলা কমিটির সদস্য কমরেড সুকুমার মণ্ডল (৬০) মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গোয়ালন্দের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
কমরেড সুকুমার মণ্ডল রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নগর রায়েরপাড়ার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
এর আগে প্রয়াত নেতার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড জ্যোতি শংকর ঝন্টু, রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমারসহ দলের অন্যান্য নেতাকর্মী।
এ ছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাম গণতান্ত্রিক ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
কমরেড সুকুমার মণ্ডলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় তাঁরা প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রিপোর্টার্স২৪/রাফিদ