| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৬ ইং | ২০:২১:৪৩:অপরাহ্ন  |  ২২৮ বার পঠিত
মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

স্টাফ রিপোর্টার: মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আবারও বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১৫ নভেম্বরের পরিবর্তে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নম্বরপ্লেট সংযোজনের সুযোগ পাবেন মোটরসাইকেল মালিকেরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিআরটিএর ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সরকার মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজনের জন্য মোটরসাইকেল মালিকেরা অতিরিক্ত সময় পাচ্ছেন।

আগে সময়সীমা ছিল ১৫ নভেম্বর

এর আগে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করে বিআরটিএ। এ জন্য মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে বলা হয়।

গত ১৬ অক্টোবর এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছিল। সেখানে নম্বরপ্লেট সংযোজনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১৫ নভেম্বর।

তবে বিপুলসংখ্যক মোটরসাইকেলে নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজনের বিষয়টি বিবেচনায় নিয়ে সময়সীমা বাড়ানো হয়েছে।

নম্বরপ্লেট তৈরিতে যেসব নিয়ম মানতে হবে

সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। এর পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন করতে হবে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের ম্যানুয়াল নম্বরপ্লেটের মাপ হবে মোটরসাইকেলের ধরনভেদে আলাদা।

স্কুটারের ক্ষেত্রে: নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে।

অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে: দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে।

অক্ষর ও সংখ্যা: ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

নম্বর লেখার ধরন: স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন নম্বর একটি আনুভূমিক রেখায় লেখা যাবে।

উদাহরণ হিসেবে, নম্বরপ্লেটে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ এভাবে নিবন্ধন নম্বর প্রদর্শন করা যেতে পারে।

মালিকদের প্রতি নির্দেশনা

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে সংযোজন করতে হবে।

নতুন সময়সীমা অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এ কাজ সম্পন্ন করার সুযোগ থাকছে। তাই মোটরসাইকেল মালিকদের নির্ধারিত নিয়ম মেনে নম্বরপ্লেট সংযোজন এবং বিআরটিএর পরবর্তী নির্দেশনার প্রতি নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

এর আগে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা পূর্বনির্ধারিত ১৫ নভেম্বরের পরিবর্তে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিপুলসংখ্যক মোটরসাইকেলে নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজনের বাস্তবতা বিবেচনায় এ প্রস্তাব দেওয়া হয়। এ প্রস্তাব বিবেচনায় সময় বাড়ানোর নতুন এ সিদ্ধান্ত নেওয়া হলো।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪