গাজীপুর প্রতিনিধি: বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও কাশিমপুর শিল্পাঞ্চলে বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর থেকে শুরু হওয়া এ আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। প্রথমে কাশিমপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তায় নামেন। পরে জরুন এলাকার রিপন, ইসলাম, স্ট্যান্ডার্ড গ্রুপ, কটন ক্লাব, মণ্ডল ও মাল্টিফ্যাবস লিমিটেডসহ আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা তাঁদের সঙ্গে যোগ দেন।
একপর্যায়ে কোনাবাড়ী বিসিক শিল্পনগরীর শ্রমিকরা অন্যান্য কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। পরে সম্মিলিতভাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিক্ষোভ চলাকালে শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে কয়েক দফা বিক্ষোভের পর সন্ধ্যা ৭টার দিকে শ্রমিকরা আবারও মহাসড়ক অবরোধ করেন। এ সময় কোনাবাড়ী কলেজ গেট এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে কয়েকজন বহিরাগত যুক্ত হন। পরে সেখানে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুনরায় টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ