| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৬ ইং | ১৩:০১:৩৫:অপরাহ্ন  |  ৩৭১ বার পঠিত
২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বর্তমান সরকার। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে একটি জেটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। এ জন্য দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ ও শিল্পায়নের পরিবেশ উন্নত করা হচ্ছে। একই সঙ্গে রপ্তানি খাতের সম্প্রসারণ, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং দক্ষ জনশক্তি তৈরিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় জ্বালানি ও খাদ্য সরবরাহব্যবস্থা কার্যকর ও সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় যেকোনো ধরনের বিঘ্ন দেশের অর্থনীতি ও উৎপাদন খাতে প্রভাব ফেলতে পারে। এ কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

মোংলা বন্দরের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি, খাদ্য ও শিল্পের কাঁচামাল আমদানির পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানিতে এ বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও বাণিজ্যিক সক্ষমতা বাড়াতে মোংলা বন্দর একটি পরিপূরক শক্তি হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, বন্দরের অবকাঠামোগত উন্নয়ন হলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে। এর মাধ্যমে জাতীয় অর্থনীতির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ ও শিল্পায়নের নতুন সুযোগ তৈরি হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।

সরকারের নির্ধারিত ২০৩০ সালের এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে দেশের বন্দর অবকাঠামো উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের পরিধি বাড়ানোকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪