জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাট-হিলি সড়কে যাত্রীবাহী বাসের চাপায় আশিক (১৭) নামের এক কিশোর মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জয়পুরহাট পৌর এলাকার কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া এলাকার এমরানের ছেলে। তিনি স্থানীয় একটি খাবার হোটেলে শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে হিলির উদ্দেশে ছেড়ে আসা ‘জে পি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আশিক প্রাণ হারান এবং সঙ্গে থাকা অপর আরোহী আহত হন।
স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটি ঘিরে ফেলে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।
জয়পুরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আইনুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের যান চলাচল স্বাভাবিক করেছে। পুড়ে যাওয়া বাসটিকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
রিপোর্টার্স২৪/ঝুম