| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় আন্তালিয়া, জলবায়ু সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিশ্বনেতাদের বৈঠক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ১৭:১৫:৩৭:অপরাহ্ন  |  ৩৭৯১ বার পঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় আন্তালিয়া, জলবায়ু সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিশ্বনেতাদের বৈঠক

সোমনাথ দে, আন্তালিয়া, তুরস্ক: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তুরস্কের আন্তালিয়ায় চলছে প্রস্তুতি ও অপেক্ষা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের স্বার্থ, আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু অর্থায়নের দাবি তুলে ধরার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বিশ্বনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তিনি।

বাংলাদেশের সরকারি কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ, সাংবাদিক এবং আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু নিয়ে কাজ করা সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রধানমন্ত্রীর এই সফরের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে তাকিয়ে রয়েছেন। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের ক্ষয়ক্ষতি, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রে এই সম্মেলনকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

তিন দিনের সরকারি সফরে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সরকারি এই সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক অংশীদারত্ব বৃদ্ধির বিষয়েও আলোচনা হতে পারে।

কূটনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বহুপক্ষীয় এই সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশের জলবায়ু কূটনীতি, অর্থনৈতিক স্বার্থ এবং আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে এসব বৈঠকে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪