| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় রঙিন ফুলকপির চারা উৎপাদনে সাফল্য, বাড়ছে কৃষকদের আগ্রহ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৬ ইং | ১৭:২৮:৫৮:অপরাহ্ন  |  ২৮৫৪ বার পঠিত
বগুড়ায় রঙিন ফুলকপির চারা উৎপাদনে সাফল্য, বাড়ছে কৃষকদের আগ্রহ

বগুড়া প্রতিনিধি: সাদা ফুলকপির পাশাপাশি বগুড়ার বাজারে বাড়ছে হলুদ ও বেগুনি রঙের ফুলকপির চাহিদা। আকর্ষণীয় রং ও তুলনামূলক বেশি বাজারমূল্যের কারণে কৃষকদের মধ্যেও নতুন এই সবজি চাষে আগ্রহ তৈরি হয়েছে। তবে রঙিন ফুলকপির বীজ থেকে মানসম্মত চারা উৎপাদন ছিল বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সফলতা পেয়েছেন বগুড়ার কৃষক আব্দুল খালেক। তাঁর উৎপাদিত চারার চাহিদা এবার মৌসুমের শুরু থেকেই বেড়েছে। মাত্র ১৫ দিনে তিনি বিক্রি করেছেন ২২ হাজার চারা।

বগুড়া সদরের গোকুল গ্রামের বাসিন্দা আব্দুল খালেক দীর্ঘদিন ধরে বাবা ও তিন ভাইয়ের সঙ্গে কৃষিকাজ করছেন। কৃষিই তাঁদের পরিবারের আয়ের প্রধান উৎস। গত বছর পরীক্ষামূলকভাবে রঙিন ফুলকপির চারা উৎপাদন শুরু করেন তিনি। চারার মান ভালো হওয়ায় এবার বিভিন্ন এলাকার কৃষকেরা তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। প্রতিদিনই চারা কেনার জন্য ফোন আসছে এবং দূরদূরান্ত থেকে কৃষকেরা তাঁর কাছে ছুটে আসছেন।

আব্দুল খালেক জানান, গত বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফুলকপি চাষের মৌসুম প্রায় শেষের দিকে ছিল। ওই সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত একটি কৃষিমেলায় জামালপুরের একটি নার্সারি থেকে দুই প্যাকেট বীজ ও প্রায় ৩০০টি চারা সংগ্রহ করেন তিনি। তবে নার্সারির লোকজনও সেগুলোকে নিশ্চিতভাবে ফুলকপির বীজ ও চারা হিসেবে শনাক্ত করতে পারেননি। তাঁদের ধারণা ছিল, সেগুলো ব্রকলির চারা। ফুলের রং সম্পর্কেও তাঁরা নিশ্চিত ছিলেন না।

পরে বাড়িতে এনে প্রায় তিন কাঠা জমিতে বীজ ও চারাগুলো রোপণ করেন খালেক। জমিতে পর্যাপ্ত ভার্মিকম্পোস্টসহ জৈব সার ব্যবহার এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে সফলতা পান তিনি। ১০ থেকে ১২ দিনের মধ্যে বীজ থেকে বিক্রির উপযোগী চারা তৈরি হয়। আর ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে জমি ভরে ওঠে উজ্জ্বল হলুদ ও গাঢ় বেগুনি রঙের ফুলকপিতে।

খালেকের ভাষ্য, বেগুনি রঙের প্রতিটি ফুলকপির ওজন দেড় কেজির বেশি। অন্যদিকে হলুদ ফুলকপির ওজন হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ গ্রাম। প্রতিটি রঙিন ফুলকপি ১০০ টাকার বেশি দামে বিক্রি করেছেন তিনি। অথচ একই সময়ে সাধারণ সাদা ফুলকপি বিক্রি করেছেন ৩০ থেকে ৪০ টাকায়।

চাহিদা বাড়তে থাকায় এখন শুধু শীত মৌসুমেই নয়, সারা বছর রঙিন ফুলকপির চারা উৎপাদনের পরিকল্পনা করছেন আব্দুল খালেক। তিনি জানান, পলিসেডের ভেতরে সারা বছর এসব ফুলকপি চাষ করা সম্ভব। তবে প্রয়োজনীয় বীজের সহজলভ্যতা না থাকায় উৎপাদন বাড়ানো কঠিন। এ কারণে চলতি বছরের শুরুতে ভারত থেকে পরীক্ষামূলকভাবে কিছু রঙিন ফুলকপির বীজ সংগ্রহ করেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বগুড়ার শাজাহানপুর, শিবগঞ্জ, শেরপুর, কাহালু ও গাবতলীসহ বিভিন্ন উপজেলায় রঙিন ফুলকপির আবাদ হচ্ছে। জেলায় প্রায় ২০ হেক্টর জমিতে হলুদ ও বেগুনি রঙের ফুলকপি চাষ করা হয়েছে। নতুন সবজি হিসেবে বাজারে এর চাহিদা থাকায় আগামী মৌসুমে আবাদ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

শাজাহানপুর উপজেলার চোপীনগর গ্রামের কৃষক মোখলেছুর রহমানও এবার রঙিন ফুলকপি চাষে আগ্রহী হয়েছেন। আগে তিনি সাদা ফুলকপি চাষ করলেও এবার আব্দুল খালেকের কাছ থেকে হলুদ ফুলকপির চারা সংগ্রহ করেছেন। প্রায় ১৭ শতাংশ জমিতে জৈব সার ব্যবহার করে ২ হাজার ২০০টি চারা রোপণ করেছেন। তাঁর আশা, এ জমি থেকে প্রায় দেড় লাখ টাকার ফুলকপি বিক্রি করতে পারবেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রঙিন ফুলকপির এফ-১ হাইব্রিড বীজ মূলত ভারত, থাইল্যান্ড, চীন ও দক্ষিণ আফ্রিকা থেকে বিভিন্ন বীজ আমদানিকারক ও বেসরকারি কৃষি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে আসে। ২০২১ সাল থেকে বাংলাদেশে রঙিন ফুলকপির চাষ শুরু হয়। এরপর ধীরে ধীরে বিভিন্ন জেলায় এর আবাদ ছড়িয়ে পড়ে। বগুড়ায় গত বছর থেকে কয়েকটি উপজেলায় হলুদ ও বেগুনি ফুলকপির চাষ বাড়তে শুরু করেছে।

সাধারণ ফুলকপির তুলনায় রঙিন ফুলকপির বাজারমূল্যও বেশি। বর্তমানে সাদা ফুলকপি প্রতি পিস ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হলেও হলুদ ও বেগুনি ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের রুরাল ম্যাক্রো ইন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্পের (আরএমটিপি) ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর এবিএম মাহমুদুল হাছান বলেন, সাধারণ ফুলকপির তুলনায় রঙিন ফুলকপিতে কিছু বিশেষ পুষ্টি উপাদান রয়েছে। হলুদ ফুলকপিতে বিটা-ক্যারোটিন এবং বেগুনি ফুলকপিতে অ্যান্থোসায়ানিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এসব উপাদান শরীরের জন্য উপকারী। বিশেষ করে বেগুনি ফুলকপির অ্যান্থোসায়ানিন প্রদাহ কমানো, হৃদ্‌রোগের ঝুঁকি হ্রাস এবং ক্যানসার প্রতিরোধে সহায়ক হতে পারে।

বগুড়ায় রঙিন ফুলকপির আবাদ সম্প্রসারণে কৃষকদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ। তিনি বলেন, জেলায় ইতিমধ্যে রঙিন ফুলকপির চারা উৎপাদন শুরু হয়েছে। এ সাফল্যকে কাজে লাগিয়ে আগামী মৌসুমে আরও বেশি কৃষককে এ সবজি চাষে উদ্বুদ্ধ করা হবে।

তিনি আরও বলেন, উচ্চমূল্যের ফসল হিসেবে কৃষকেরা যাতে এসব সবজি চাষ করে ভালো বাজারমূল্য পান, সে লক্ষ্যে কৃষি বিভাগের প্রদর্শনী কার্যক্রমে রঙিন ফুলকপি চাষিদের যুক্ত করার চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪