চট্রগ্রাম প্রতিনিধি: ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে রায়ের তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ১৯ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে।
বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে এ দিন ধার্য করেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আদালত ১৯ নভেম্বর রায়ের দিন নির্ধারণ করেছেন।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ‘ভিশন ট্রেডিং’ প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করানো হয়। পরে জাবেদ তাঁর কর্মচারীদের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন এবং সেখানে সম্পত্তি কেনেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে বলে তদন্তে উঠে এসেছে।
মামলার প্রধান আসামি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (৫৬)। অন্য আসামিদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান (৪৬), সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী (৪৬) ও রোকসানা জামান চৌধুরী (৫৬)।
এ ছাড়া ব্যাংকটির সাবেক পরিচালক বশির আহমেদ, আফরোজা জামান, সৈয়দ কামরুজ্জামান, মো. শাহ আলম, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, ইউনুছ আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান এম এ সবুর এবং সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী আসামির তালিকায় রয়েছেন।
ব্যাংকটির সাবেক কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদেরও এ মামলায় আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, আবদুর রউফ চৌধুরী, জিয়াউল করিম খান, মীর মেসবাহ উদ্দীন হোসাইন, বজল আহমেদ বাবুল, ফরমান উল্লাহ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, উৎপল পাল, প্রদীপ কুমার বিশ্বাস, মো. জাহিদ, মো. শহীদ, মো. সুমন, ইলিয়াস তালুকদার ও ওসমান তালুকদারসহ অন্যরা।
এর আগে গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে মোট ৩৬ জনকে আসামি করা হয় এবং ৯২ জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, প্রাথমিকভাবে ৩১ জনের বিরুদ্ধে মামলা করা হলেও তাঁদের মধ্যে দুজন মারা যাওয়ায় বিচারিক কার্যক্রম থেকে তাঁদের বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। তাঁরা হলেন ইউসিবিএলের সাবেক ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ আবদুল আউয়াল এবং জাবেদের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী কাজী মোহাম্মদ দিলদার আলম। তদন্তে পাওয়া আরও সাতজনসহ মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।
২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ, তাঁর স্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন তদন্ত কর্মকর্তা মো. মশিউর রহমান।
সম্পাদনা নোট: মূল প্রতিবেদনে ৩১ জনের বিরুদ্ধে মামলা, দুজনের মৃত্যু এবং মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্রের তথ্য দেওয়া হয়েছে। প্রকাশের আগে আসামির সংখ্যা ও অভিযোগপত্র দাখিলের তারিখের ধারাবাহিকতা একবার যাচাই করে নেওয়া ভালো।
রিপোর্টার্স২৪/রাফিদ