সোমনাথ দে, আনতালিয়া (তুরস্ক): ২০২৫ সালের শেষ দিকে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত সর্বশেষ বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ৩০-এর মূল্যায়ন করতে গিয়ে ফ্রান্সের পরিবেশমন্ত্রী মনিক বারবুট কোনো রাখঢাক না করেই এ মন্তব্য করেন।
গত ৯ নভেম্বর সোমবার তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১-এর সমাপ্তিতে তিনি এবার কতটা সন্তুষ্ট হবেন, সেটিই এখন দেখার বিষয়।
১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠেয় বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উপস্থিত থাকছেন না। তবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন সেখানে ইউরোপের অগ্রাধিকারগুলো তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
বেলেম সম্মেলনের পর বারবুট ফ্রান্সের সিনেটে গত জুনে এক শুনানিতে ইউরোপীয়দের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেন। তাঁর ভাষায়, ইউরোপীয়রা সম্মেলনে এসেছিল ‘অত্যন্ত অপরিকল্পিতভাবে’ এবং ‘সরল মানসিকতা নিয়ে’। তিনি আরও বলেন, মিত্রদের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং শেষ পর্যন্ত এমন একটি চুক্তি অর্জন করেছে, যার কার্যকর অর্থ প্রায় শূন্য।
তিনি বলেন, ‘বিরোধী শক্তিগুলো নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ পেয়েছে, বিশেষ করে বড় উদীয়মান অর্থনীতির দেশগুলো এবং তেল উৎপাদনকারী দেশগুলো।’
তবে ইউরোপের অন্যান্য নেতারা হয়তো পরিস্থিতিকে এতটা নেতিবাচকভাবে দেখবেন না। ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়ন সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আলোচনা ও ফলাফল নিয়ে বারবার হতাশা প্রকাশ করেছে।
ইউরোপীয় কমিশনের জলবায়ুবিষয়ক কমিশনার ওপকে হুকস্ট্রাও গত জুনের শুরুতে এসব সম্মেলনের ফলাফলকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছিলেন।
এই অসন্তোষের পেছনে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় ইউরোপের জটিল অবস্থান। যুক্তরাষ্ট্রের মতো প্রভাবশালী দেশ এসব প্রক্রিয়া থেকে অনেকটাই সরে দাঁড়িয়েছে। অন্যদিকে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জলবায়ু ইস্যুতে বিভাজন ক্রমেই স্পষ্ট ও তীব্র হচ্ছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব