| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনবিএর নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বগুড়ার শিব্বীর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৬ ইং | ২০:৪০:২৩:অপরাহ্ন  |  ৪২৬ বার পঠিত
এনবিএর নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বগুড়ার শিব্বীর

বগুড়া প্রতিনিধি: বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের এই কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বগুড়ার কৃতী সন্তান মুজাহিদুল ইসলাম শিব্বীর। তিনি একুশে টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাবেক ও বর্তমান সংবাদ উপস্থাপকেরা ভোটাধিকার প্রয়োগ করেন।

নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম শিব্বীর দীর্ঘ ১৬ বছর ধরে টেলিভিশন সংবাদ উপস্থাপনায় যুক্ত রয়েছেন। একুশে টেলিভিশনের পাশাপাশি তিনি দীপ্ত টেলিভিশন ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনসহ দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেছেন।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার জাভেদ কারদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন এনটিভির রাইসুল হক চৌধুরী।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহসভাপতি জিটিভির শারমিন ইফখাত শামস, সহসভাপতি চ্যানেল টোয়েন্টিফোরের আশিকুর রহমান তমাল, যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের রূপা নূর, সাংগঠনিক সম্পাদক এটিএন নিউজের বাবলী ইয়াসমিন, কোষাধ্যক্ষ চ্যানেল নাইন-এর সাখাওয়াত সুমন এবং দপ্তর সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের মামুন উর রশীদ।

এ ছাড়া মিডিয়া, কমিউনিকেশন ও আইটি সম্পাদক হয়েছেন চ্যানেল আইয়ের সামীর হোসেন, গবেষণা, প্রশিক্ষণ ও আইন সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের আতিকুর রহমান আতিক, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মাইটিভির হাফিজ খন্দকার এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আরটিভির পারভীন মিতু। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জিটিভির সাবেক প্রেজেন্টার সাঈদা আহমেদ ও আরটিভির ফারজানা তানি।

পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মিডিয়া ব্যক্তিত্ব কাউসার মাহমুদ।

উল্লেখ্য, ২০১১ সালে যাত্রা শুরু করে নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সংবাদ উপস্থাপকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মশালা আয়োজনের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এ ছাড়া শিশু, বন্যাদুর্গত ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায়ও বিভিন্ন সময়ে কাজ করেছে সংগঠনটি।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪