রাজবাড়ী প্রতিনিধি: আধুনিক বাংলা গদ্যসাহিত্যের অন্যতম পথিকৃৎ, খ্যাতিমান সাহিত্যিক ও নাট্যকার এবং কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলা একাডেমির আয়োজনে বালিয়াকান্দি উপজেলার পদমদীতে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ আমন্ত্রিত অতিথিরা। এ ছাড়া বাংলা একাডেমি, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এরপর স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা পরিদর্শন করেন অতিথিরা। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। পরে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সময়ে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তাঁদের সময়ে সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। একটি জাতির প্রকৃত বিকাশে সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসচর্চার গুরুত্ব অপরিসীম। মীর মশাররফ হোসেনের মতো কালজয়ী সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাঁর স্মৃতি সংরক্ষণ এবং পদমদীর স্মৃতিকেন্দ্রকে সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ বলেন, মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। তাঁর রচিত ‘বিষাদ সিন্ধু’ বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর সাহিত্যকর্ম শুধু একটি নির্দিষ্ট সময়ের নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে পাঠককে ইতিহাস, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধের সঙ্গে পরিচিত করে আসছে। অথচ তাঁর স্মৃতিবিজড়িত পদমদীর স্মৃতিকেন্দ্রটি আরও সমৃদ্ধ ও আধুনিক হওয়ার প্রয়োজন রয়েছে। নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্যকর্ম তুলে ধরতে স্মৃতিকেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন, সমৃদ্ধ পাঠাগার ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি পদমদীতে মীর মশাররফ হোসেনের নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মো. সেলিম রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি মুন্সী আমির আলী, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক শাহজালাল, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ এবং রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী।
অনুষ্ঠানে মীর মশাররফ হোসেনের জীবন, সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অবদান নিয়ে প্রবন্ধ পাঠ করেন লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী।
আলোচক হিসেবে বক্তব্য দেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক (অতিরিক্ত সচিব) সাইফুর রহমান (খোকন মাহমুদ) প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য নাম। তাঁর সাহিত্যকর্ম বাঙালির সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ‘বিষাদ সিন্ধু’ উপন্যাসের মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যে যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আরও গবেষণা, পাঠচর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যবোধ জাগ্রত করার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে পদমদীর স্মৃতিকেন্দ্রটির যথাযথ সংরক্ষণ ও আধুনিকায়নের মাধ্যমে এটিকে দেশ-বিদেশের সাহিত্যপ্রেমী ও গবেষকদের আকর্ষণের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ ছাড়া বিকেলে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে। ১৯১২ সালের ১৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যে তাঁর কালজয়ী সৃষ্টি ‘বিষাদ সিন্ধু’ তাঁকে অমরত্ব দিয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম