নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জেলা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারি, বিভিন্ন মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলার বিভিন্ন স্থানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে (১৩ নভেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ আব্দুল করিম পাগলা (৬২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে গাঁজা সংক্রান্ত ২৪টি ও ইয়াবা সংক্রান্ত দুটি মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে।
অন্যদিকে, শিবপুর থানার পুরানদিয়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আসিফ ওরফে রাব্বি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। রায়পুরা থানার মাহমুদাবাদ এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে দুলাল রবি দাশ নামে এক ব্যক্তির জুতা পলিশের কাজে ব্যবহৃত বক্স থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া পৃথক অভিযানে নিরব নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, পলাশ থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত একজন, সিআর পরোয়ানাভুক্ত একজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরও দুজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, ডিবি পুলিশ ও শিবপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে শিবপুর থানার একটি চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি মো. শফিকুল ইসলাম (৪০) এবং কুষ্টিয়া আদালতে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাদিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শফিকুলের বাড়ি বেলাব উপজেলার বটেশ্বর এলাকায়। তার বর্তমান ঠিকানা নরসিংদী সদর উপজেলার ভেলানগর পশ্চিম মানিক রোড এলাকায়। অপরদিকে, হাদিকুল মনোহরদী উপজেলার পশ্চিম রামপুর এলাকার বাসিন্দা।
জেলা পুলিশ জানিয়েছে, নরসিংদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য নির্মূল এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান ও অপরাধবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ঝুম