| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ টাওয়ার ক্ষতিগ্রস্ত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ২২:১১:৪৯:অপরাহ্ন  |  ৩৫২০ বার পঠিত
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ টাওয়ার ক্ষতিগ্রস্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবন ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ার (পিআইএফ টাওয়ার)। রিয়াদের এ ভবনটি সৌদির রাষ্ট্রায়ত্ত আর্থিক তহবিল ‘সোভেরেইন ওয়েলথ ফান্ড’-এর সদর দপ্তর।

হুথিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটির সাত থেকে আটটি তলার জানালা ভেঙে চুরমার হয়ে গেছে; সেই সঙ্গে বেঁকে গেছে ভবনের ধাতব কাঠামোর কিছু অংশ।সৌদি আরবের সরকারি সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।

প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে টাওয়ারটির নাম উল্লেখ করা না হলেও, এসপিএ-র প্রকাশিত সংবাদে  পিআইএফ টাওয়ারের ছবি দেখা গেছে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রিয়াদের ‘কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট’ এলাকায় অবস্থিত পিআইএফ টাওয়ারটিতে হুথি হাশলার পর টাওয়ারটির আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

হামলার দায় স্বীকার করে বৃহস্পতিবারই বিবৃতিতে দিয়েছে হুথি গোষ্ঠী। সেই বিবৃতিতে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, রিয়াদের পিআইএফ টাওয়ার লক্ষ্য করে দু’বার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। একবার ভোরবেলা, দ্বিতীয়বার সন্ধ্যায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে বৃহস্পতিবার পিআইএফ টাওয়ারের পাশাপাশি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, সৌদির দক্ষিণাঞ্চলে খামিস মুশাইত বিমান ঘাঁটি এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের জুবাইলে অবস্থিত সাদাফ পেট্রোকেমিক্যাল কোম্পানিতেও হামলা পরিচালনা করেছে হুথি যোদ্ধারা। তবে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এসব হামলার তথ্য নিশ্চিত করা হয়নি।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে বিকট শব্দে ঘুম ভাঙে সৌদির রাজধানীর বাসিন্দাদের। হামলার পর ‘কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট’ সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে গত ৮ নভেম্বর সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর ভবনে হামলা করেছিল হুথি গোষ্ঠী। সেই হামলার মাত্র দু’সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামোগত স্থাপনায় হামলা করল ইরানের মদতপুষ্ট এই ইয়েমেনি গোষ্ঠী।

গত সেপ্টেম্বর থেকে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার এবং সৌদির আরবের সঙ্গে হুথি বিদ্রোহীদের উত্তেজনা নতুন করে উসকে উঠেছে। সেই থেকেই  সৌদি আরবের বিমানবন্দর ও তেল অবকাঠামোগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথিরা।

অন্যদিকে সৌদি-ইয়েমেন সামরিক জোটের মাধ্যমে ইয়েমেনের অভ্যন্তরে হুথি-নির্মূল অভিযানে ইয়েমেনি সেনাবাহিনীকে সহযোগিতা করছে সৌদি আরব। হুথি-নিয়ন্ত্রিত বার্তাসংস্থা সাবাহ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে সৌদি বিমানগুলো হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে; তবে হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে সাবাহ’র প্রতিবেদনে বিস্তারিত কিছু বলা হয়নি।

হুথি বিরোধীদের সঙ্গে সৌদি আরবের সাম্প্রতিক এ সংঘাত দেশটির প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সেই পরিকল্পনার ওপর আঘাত হেনেছে, যার লক্ষ্য ছিল বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশ সৌদি আরবের অর্থনীতিকে উন্নত ও বৈচিত্র্যময় করে তোলা।

বুধবার রিয়াদে ক্রাউন প্রিন্স মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেন। ইয়েমেন সংঘাত পুনরায় শুরুর পর থেকে সৌদি আরবে কুপারের এটি তৃতীয় প্রকাশ্য সফর।

সৌদির কর্মকর্তাদের পরিকল্পনা সম্পর্কে অবগত দুজন মার্কিন সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, জানিয়েছেন, রিয়াদ এখন ধারণা করছে যে এই সংঘাত আরও ছয় মাস পর্যন্ত চলতে পারে। সৌদি পরিকল্পনার বিষয়ে অবগত তৃতীয় একটি সূত্রও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪