ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতার পরিবর্তনের ফলে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক পরিচালনায় ওয়াশিংটনের হাতে থাকা নীতিগত ও আইনি হাতিয়ারগুলোর নিয়ন্ত্রণ বদলে গেছে। এমন এক সময়ে এই পরিবর্তন এসেছে, যখন পাকিস্তানের সামরিক বাহিনী দেশটির প্রায় সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে।
দুই বছর ধরে ওয়াশিংটনে পাকিস্তানের কূটনৈতিক কৌশল মূলত একজন ব্যক্তিকে ঘিরে আবর্তিত হয়েছে। সেই ব্যক্তি হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত ঘনিষ্ঠতা এবং খনিজ সম্পদ নিয়ে চুক্তির প্রতিশ্রুতির ওপর নির্ভর করেই এই কৌশল পরিচালিত হয়েছে। ট্রাম্প প্রকাশ্যেই মুনিরকে ‘আমার প্রিয় ফিল্ড মার্শাল’ বলে অভিহিত করেছেন।
কিন্তু এই কৌশল কার্যকর থাকে তখনই, যখন ট্রাম্পের ক্ষমতার ওপর কোনো কার্যকর নিয়ন্ত্রণ থাকে না। ২০২৭ সালের জানুয়ারি থেকে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটবে।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে বৈদেশিক সহায়তা, অস্ত্র বিক্রি এবং সরকারি কার্যক্রমের তদারকির দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ কমিটিগুলোর নিয়ন্ত্রণ যাবে এমন একটি দলের হাতে, যার সদস্যরা ইতোমধ্যে পাকিস্তানের শীর্ষ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন।
এখন প্রশ্ন আর এই নয় যে পাকিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি পর্যালোচনা করা হবে কি না। বরং প্রশ্ন হলো, এই পর্যালোচনার ফলে মানবাধিকার লঙ্ঘন ও সামরিক শাসনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, নাকি বিষয়টি আরও কিছু শুনানির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
এই অংশীদারত্বের ভিত্তি বর্তমান প্রশাসনের চেয়েও পুরোনো এবং নিজস্ব লক্ষ্য অর্জনে এটি ব্যর্থ হয়েছে। ২০০১ সালের পর সন্ত্রাসবিরোধী সহযোগিতার বিনিময়ে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩০ বিলিয়ন ডলারের বেশি সহায়তা ও সামরিক অর্থ পেয়েছে। অথচ দুই দশক ধরে পাকিস্তানের অভ্যন্তরে নিরাপদ আশ্রয় পেয়ে আসা আফগান তালেবান ২০২১ সালে আবার কাবুলের ক্ষমতায় ফিরে আসে।
অন্যদিকে, পাকিস্তানের অভ্যন্তরে খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তানে সামরিক অভিযান ব্যাপক বাস্তুচ্যুতি, ড্রোন হামলা এবং বেসামরিক নাগরিকদের গুমের ঘটনা ঘটিয়েছে। কিন্তু এসব অভিযান সশস্ত্র তৎপরতা বন্ধ করতে পারেনি।
অক্টোবরে ইসলামাবাদ যখন কেপি প্রদেশের সরকার স্থগিত করে, তখন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ১৯৫ শতাংশ বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে। অর্থাৎ নিজেদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ীও নিরাপত্তাকেন্দ্রিক এই কৌশল ব্যর্থ হয়েছে।
পাকিস্তানের জনসংখ্যা প্রায় ২৫ কোটি। এর প্রায় দুই-তৃতীয়াংশের বয়স ৩০ বছরের নিচে। ওয়াশিংটন যে সেনাবাহিনীকে অংশীদার হিসেবে বিবেচনা করে, পাকিস্তানের তরুণ জনগোষ্ঠীর অভিজ্ঞতা তার সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে।
আইনের ঊর্ধ্বে একজন জেনারেল
বর্তমানে এই অংশীদারত্বের মাধ্যমে যে ক্ষমতাকাঠামোকে সুরক্ষা দেওয়া হচ্ছে, তা পাকিস্তানের সংবিধানেই প্রতিফলিত হয়েছে।
২০২৫ সালের নভেম্বরে ২৭তম সংবিধান সংশোধনী পাস হয়। এ সময় বিরোধী দল সিনেটের ভোট বর্জন করেছিল। সংশোধনীর মাধ্যমে সংবিধানের ২৪৩ অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান পদ বিলুপ্ত করা হয় এবং সেনাপ্রধানকে চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে নিয়োগের ব্যবস্থা করা হয়। এর ফলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী একজন কর্মকর্তার অধীনে চলে আসে।
এই সংশোধনী অনুযায়ী, একজন ফিল্ড মার্শাল আজীবন তাঁর পদমর্যাদা বহাল রাখতে পারবেন। তাঁকে পদ থেকে অপসারণ করতে হলে সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী অভিশংসন প্রক্রিয়া অনুসরণ করতে হবে, যার জন্য সংসদের যৌথ অধিবেশনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।
এ ছাড়া তিনি সংবিধানের ২৪৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্টের মতো দায়মুক্তি পাবেন। সংশোধনীর মাধ্যমে এই দায়মুক্তিও আজীবন কার্যকর করা হয়েছে।
বাস্তবে এর অর্থ হলো, দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সামরিক কমান্ডে থাকাকালে তাঁর নেওয়া কোনো পদক্ষেপের জন্য আদালতের মুখোমুখি হওয়ার সুযোগ অত্যন্ত সীমিত হয়ে পড়েছে। সাধারণ কূটনৈতিক উদ্যোগ দিয়ে এমন একজন ব্যক্তির ওপর শর্ত আরোপ করা কঠিন। এর জন্য প্রয়োজন কার্যকর চাপ ও বাস্তব পরিণতি।
অক্টোবরে খাইবার পাখতুনখাওয়ায় যা ঘটেছে, তা এই ব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরে।
গত ১১ অক্টোবর প্রধানমন্ত্রীের পরামর্শে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রদেশটির ১২টি জেলায় জরুরি অবস্থা এবং পুরো প্রদেশে গভর্নরের শাসন জারি করেন।
বর্তমানে গভর্নরের অধীনে ১১ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ প্রাদেশিক দপ্তরগুলো পরিচালনা করছে। এই পরিষদের একজন সদস্য অবসরপ্রাপ্ত সেনা লেফটেন্যান্ট জেনারেল।
মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি, প্রাদেশিক পরিষদের স্পিকার বাবর সেলিম সোয়াতি এবং মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে সরকারি ভাষায় ‘প্রতিরোধমূলক হেফাজতে’ নেওয়া হয়েছে।
সরকারের দাবি, আফ্রিদির দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সম্পর্ক রয়েছে। মন্ত্রীরা এ বিষয়ে ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ থাকার কথা জানিয়েছেন এবং পরে তা প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এখনো সেই প্রমাণ জনসমক্ষে আনা হয়নি।
অর্থাৎ এমন একটি অভিযোগের ভিত্তিতে নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে, যে অভিযোগের বিচারিক যাচাই হয়নি এবং যার প্রমাণ সাধারণ নাগরিকদের কাছেও প্রকাশ করা হয়নি।
খনিজ সম্পদ নিয়ে প্রশ্ন
বিষয়টি মার্কিন নাগরিকদের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ পাকিস্তানের মাটির নিচে রয়েছে বিপুল খনিজ সম্পদ।
২০১০ সালের ১৮তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পাকিস্তানের প্রদেশগুলোকে অধিকাংশ খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ দেওয়া হয়েছিল। ২০২৫ সালে সেনাপ্রধানকে অন্তর্ভুক্ত করে ২০২৩ সালে গঠিত স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল (এসআইএফসি) একটি জাতীয় খনিজ সম্পদ কাঠামো এগিয়ে নেয়। এই কাঠামো বাস্তবায়নে প্রতিটি প্রদেশকে নিজস্ব খনিজ আইন গ্রহণ করতে হয়েছে।
খাইবার পাখতুনখাওয়ায় এই আইন নিয়ে রাজনৈতিক দল, খনি মালিক এবং এমনকি পিটিআইয়ের মধ্যেও তীব্র বিরোধিতা দেখা দেয়। সমালোচকদের মতে, এটি প্রাদেশিক স্বায়ত্তশাসনের ওপর আঘাত।
এই আইনের বিরোধিতা করা নির্বাচিত সরকারকে এখন সরিয়ে দেওয়া হয়েছে। ইসলামাবাদ এর কারণ হিসেবে সন্ত্রাসবাদের কথা বলছে। তবে ঘটনাগুলোর সময়কাল ও পারস্পরিক সম্পর্ক নিয়ে আরও গভীরভাবে অনুসন্ধানের প্রয়োজন রয়েছে।
সামরিক বাহিনী শুধু এই খাতের নিয়ন্ত্রকই নয়, তারা ব্যবসায়িক কর্মকাণ্ডেও যুক্ত।
২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান সেনাবাহিনীর প্রকৌশল শাখা ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশন (এফডব্লিউও) যুক্তরাষ্ট্রের মিসৌরি-ভিত্তিক প্রতিষ্ঠান ইউএস স্ট্র্যাটেজিক মেটালসের সঙ্গে ৫০ কোটি ডলারের একটি চুক্তি করে। এতে অ্যান্টিমনি, তামা, টাংস্টেন এবং বিরল খনিজ সম্পদ অন্তর্ভুক্ত রয়েছে। শিল্প খাতের বিশ্লেষকেরা চুক্তিটিকে প্রাথমিক পর্যায়ের এবং উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। এখানে যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থও জড়িত।
২০২৫ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক বেলুচিস্তানের রেকো ডিক তামা ও সোনার খনির জন্য ১ দশমিক ২৫ বিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করে।
মানবাধিকার সংগঠনগুলোর দাবি, পাকিস্তানে জোরপূর্বক গুমের ঘটনা সবচেয়ে বেশি ঘটে বেলুচিস্তানে। এই প্রদেশেই জোরপূর্বক গুমের বিরুদ্ধে আন্দোলনকারী এবং নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত মাহরাং বেলুচকে জুন মাসে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, কারাগারের ভেতরে গোপনে তাঁর বিচার অনুষ্ঠিত হয়েছে।
পাকিস্তানের নেতারা দাবি করেন, দেশটির খনিজ সম্পদের মূল্য ৮ ট্রিলিয়ন ডলার। তবে এটি সরকারের দেওয়া হিসাব। দেশটির পরিচিত খনিজ সম্পদের প্রায় ৯০ শতাংশ এখনো অনুসন্ধানের বাইরে রয়েছে। এ ছাড়া এই বিপুল সম্পদের দাবির পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো মজুত-সংক্রান্ত হিসাবও নেই।
অর্থাৎ যেসব অঞ্চলের স্থানীয় জনগণের মতামতের গুরুত্ব সবচেয়ে কম, সেসব অঞ্চলের অনিশ্চিত খনিজ সম্পদ আহরণে যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়ন করা হচ্ছে।
ওয়াশিংটনের কাছে কী দাবি জানানো উচিত
পাকিস্তান পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় অধিকাংশ তথ্যপ্রমাণ ইতোমধ্যে মার্কিন কংগ্রেসের হাতে রয়েছে।
২০২৫ সালের ডিসেম্বরে প্রতিনিধি পরিষদের সদস্য প্রমিলা জয়পাল ও গ্রেগ কাসারের নেতৃত্বে ৪৪ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দেন।
তাঁরা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের অধীনে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের আহ্বান জানান।
চিঠিতে তাঁরা ‘সীমান্ত পেরিয়ে ক্রমবর্ধমান দমন-পীড়নমূলক অভিযান’-এর কথা উল্লেখ করেন। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের সামরিক আদালতে বিচার করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করার অভিযোগ তোলেন।
এটি শুধু ডেমোক্র্যাটদের উদ্বেগ নয়।
২০২৫ সালের মার্চে রিপাবলিকান আইনপ্রণেতা জো উইলসন এবং ডেমোক্র্যাট জিমি প্যানেটা ‘পাকিস্তান ডেমোক্রেসি অ্যাক্ট’ নামে একটি বিল উত্থাপন করেন। এতে গ্লোবাল ম্যাগনিটস্কি আইনের আওতায় আসিম মুনিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়।
এ ছাড়া পাকিস্তানের সরকারকে ‘সামরিক একনায়কতন্ত্র’ হিসেবে অভিহিত করা এবং মার্কিন অর্থ কেন দেশটিকে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলা আবদুল এল-সাইয়েদও এখন সিনেটে যাচ্ছেন।
তবে এই পরিকল্পনার বিরুদ্ধে সবচেয়ে জোরালো আপত্তি এসেছে পাকিস্তানের সামরিক বাহিনীর সমালোচকদের কাছ থেকেই, তাদের সমর্থকদের কাছ থেকে নয়।
তাঁদের যুক্তি, পেন্টাগন, মার্কিন গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক প্রাতিষ্ঠানিক। কংগ্রেসের নিয়ন্ত্রণ পরিবর্তন হলেও এসব সম্পর্ক টিকে থাকে। অতীতেও এসব সামরিক সম্পর্কের ওপর শর্ত আরোপের চেষ্টা সফল হয়নি।
তাই তাঁদের মতে, রিপাবলিকানদের পরিবর্তে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলেও সাধারণ পাকিস্তানিদের জীবনে কোনো পরিবর্তন আসবে না।
তাঁদের বক্তব্যে সম্পর্কের ধারাবাহিকতার বিষয়টি সঠিক হলেও নীতিগত ও আইনি হাতিয়ারের পরিবর্তনকে উপেক্ষা করা হয়েছে।
ওয়াশিংটনে যে বিষয়টি পরিবর্তিত হয়েছে, তা শুধু রাজনৈতিক মনোভাব নয়; বরং আইনি ক্ষমতার নিয়ন্ত্রণ।
বিদেশি সহায়তার শর্ত নির্ধারণ, প্রতিরক্ষা বাজেটের বিধান, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের ঋণ, এফ-১৬ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ চুক্তি, সামরিক প্রশিক্ষণ তহবিল এবং যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার—এসব বিষয়ে কংগ্রেসের দুই কক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর সেই দুই কক্ষের নিয়ন্ত্রণই এখন পরিবর্তিত হয়েছে।
এসব পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো সরকারি সংস্থার সদিচ্ছার ওপর নির্ভর করার প্রয়োজন নেই।
ওয়াশিংটনের উচিত এসব হাতিয়ার ব্যবহার করা। আর পাকিস্তানের কাছে কী দাবি জানানো হবে, তা নির্ধারণ করাও কঠিন নয়।
পাকিস্তানকে সেনাপ্রধানের আজীবন দায়মুক্তির বিধান বাতিল করতে হবে, খাইবার পাখতুনখাওয়ায় নির্বাচিত সরকার পুনর্বহাল করতে হবে, বেসামরিক নাগরিকদের সামরিক আদালতে বিচার বন্ধ করতে হবে, নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। এসব পদক্ষেপের প্রতিটিই যাচাই ও মূল্যায়ন করা সম্ভব।
গত ২৫ বছর ধরে ওয়াশিংটন যুক্তি দিয়ে এসেছে যে পাকিস্তানের সেনাবাহিনীকে সমর্থন করলে দেশটিতে স্থিতিশীলতা আসবে। কিন্তু এই সমর্থন স্থিতিশীলতা কিংবা গণতন্ত্র—কোনোটিই নিশ্চিত করতে পারেনি।
আজ পাকিস্তানে সরকারি হিসাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড ১৯৫ শতাংশ বেড়েছে। একটি প্রদেশ পরিচালিত হচ্ছে নিয়োগপ্রাপ্ত উপদেষ্টাদের মাধ্যমে। আর একজন শান্তিকর্মীকে কারাগারে যাবজ্জীবন সাজা ভোগ করতে হচ্ছে।
এখন এই পুরোনো যুক্তি থেকে সরে আসার সময় এসেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব