| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেন: রাফি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৬ ইং | ১৪:০৩:১৭:অপরাহ্ন  |  ৬৪৪০ বার পঠিত
নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেন: রাফি

রিপোর্টার্স২৪ ডেস্ক: নেত্রকোণায় নিজের পৈতৃক বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি।

ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও জড়িত কাউকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, সহিংসতা ও নাশকতা প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদকে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই ছাত্রনেতা।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নিজের পরিবারের ওপর হামলার চেষ্টার বিবরণ তুলে ধরে এসব কথা বলেন খান তালাত মাহমুদ রাফি।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদের সমালোচনা করে রাফি অভিযোগ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে। দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব উল্লেখ করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনাকে তামাশা দেখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি। জনগণের ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়। যদি সেই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে সসম্মানে দায়িত্ব ছেড়ে দেন। আপনার লজ্জা হওয়া উচিত।’

রাফি বলেন, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটছে। অথচ এসব ঘটনা প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না বলে তিনি মনে করেন। নিজের পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে।

সংবাদ সম্মেলনে নিজের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনার বিস্তারিত তুলে ধরে খান তালাত মাহমুদ রাফি জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে নেত্রকোণায় তাঁদের গ্রামের পৈতৃক বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। ঘটনার সময় বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন তাঁর বাবা-মা। ফলে বিষয়টি তাঁদের পরিবারের জন্য অত্যন্ত আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি করে।

তিনি জানান, দুর্বৃত্তরা একটি শপিং ব্যাগ ব্যবহার করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পেট্রোলের গন্ধ পেয়ে পাশের বাড়ির এক নারী বাইরে বেরিয়ে আসেন। তিনি বাড়ির বারান্দায় আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে ঘুম থেকে জেগে ওঠেন পরিবারের সদস্যরা। পরে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

তবে এ ঘটনায় বাড়ির পাশে রাখা মাছ ধরার ঠেলা জালের একাংশ পুড়ে যায়। রাফি জানান, ওই জালের ঠিক ওপরেই ছিল বাড়ির বিদ্যুতের মিটার। আগুন আরও ছড়িয়ে পড়লে বিদ্যুতের মিটারসহ বাড়ির অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। এমনকি বাড়ির ভেতরে থাকা তাঁর বাবা-মায়ের জীবনও মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারত।

রাফি অভিযোগ করেন, বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

তিনি বলেন, একজন রাজনৈতিক ও সামাজিকভাবে পরিচিত ব্যক্তির পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি আরও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সংবাদ সম্মেলনে রাফি নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪