| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৬ ইং | ১১:০১:৫১:পূর্বাহ্ন  |  ১০০৫ বার পঠিত
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নবম ও সর্বশেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানি আমদানির পুরো প্রক্রিয়া সম্পন্ন হলো। এখন প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইউনিটের প্রস্তুতিও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। সর্বশেষ এই চালান পৌঁছানোর মধ্য দিয়ে রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি আনার নির্ধারিত নয়টি চালানের কার্যক্রম শেষ হলো।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির দুটি চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে এসব ইউরেনিয়াম আনা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। সর্বশেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছানোর মধ্য দিয়ে নির্ধারিত এই পরিকল্পনার বাস্তবায়ন সম্পন্ন হয়েছে।

রাশিয়ার প্রযুক্তি ও সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ মডেলের দুটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ইউনিট। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে এখান থেকে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। ফলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রেও কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এদিকে পারমাণবিক জ্বালানির সর্বশেষ চালান পৌঁছানোর মধ্যেই কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রমও এগিয়ে চলছে। এরই অংশ হিসেবে গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা চালানোর কথা জানানো হয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। ওই দিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। প্রথম দফার পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সফল এই পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন পর্যায়ের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বিদ্যুৎ খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিট থেকে শুরু হয়েছে। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরীক্ষা চালানো হবে।

সংশ্লিষ্টরা বলছেন, ইউরেনিয়ামের সর্বশেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সরবরাহের একটি বড় ধাপ সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রটির পরীক্ষামূলক কার্যক্রম, কারিগরি যাচাই-বাছাই এবং পরবর্তী ধাপের প্রস্তুতি সফলভাবে শেষ করাই প্রধান লক্ষ্য। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের জাতীয় গ্রিডে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা বাংলাদেশের বিদ্যুৎ খাতে নতুন অধ্যায়ের সূচনা করবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪