| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জ লোকালয়ে কুমির: দুই মাস পর উদ্ধার, সাফারি পার্কে পাঠাচ্ছে বন বিভাগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ০১:০১:৪৬:পূর্বাহ্ন  |  ৪৫৪ বার পঠিত
নারায়ণগঞ্জ লোকালয়ে কুমির: দুই মাস পর উদ্ধার, সাফারি পার্কে পাঠাচ্ছে বন বিভাগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ে চলে আসা সেই কুমিরটি দুই মাস পর অবশেষে উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার করা কুমিরটি চিকিৎসা ও সংরক্ষণের জন্য গাজীপুরের সাফারি পার্কে হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জিরপাড় এলাকার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

এর আগে গত সোমবার ওই পুকুরে কুমিরটি দেখতে পান স্থানীয়রা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিরটির অবস্থান ছড়িয়ে পড়লে সেখানে ভিড় করেন উৎসুক জনতা। একই সঙ্গে বিষয়টি উপজেলা প্রশাসন ও বন বিভাগের নজরে পড়লে তারা উদ্ধার কার্যক্রম শুরু করেন। তিন দিনের চেষ্টার পর বৃহস্পতিবার জাল ফেলে কুমিরটি উদ্ধার করতে সফল হন তারা।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, “দুই দিন আগে আমরা জানতে পারি কুমির ফের দেখা গেছে আর সেদিন থেকেই আমরা উদ্ধারকাজ শুরু করি। আমাদের উদ্ধারকারী দল তৃতীয়বারের চেষ্টায় কুমিরটা ধরতে পেরেছে। বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের স্পেশাল টিম এখানে কাজটা করেছে। এটা একটা মিঠাপানির কুমির।”

কুমিরটি গাজীপুর সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে জানিয়ে তিনি বলেন, “কুমিরটাকে সেখানে চিকিৎসা দিয়ে সংরক্ষণ করা হবে। এরপরে প্রাণী বিশেষজ্ঞ যখন মনে করবে কুমিরটা উন্মুক্ত পরিবেশে ছাড়ার সময় হয়েছে, তখন এটাকে অবমুক্ত করা হবে।”

উদ্ধার করা কুমিরটি মিঠাপানির কুমির মন্তব্য করে তিনি বলেন, “পাশে নদী আছে, এই নদীর মাধ্যমেই কুমিরটি হয়তো এখানে চলে এসেছে। মানিকগঞ্জেও আমরা কুমির পেয়েছি, সেটা উন্মুক্ত করে দিয়েছি।”

এর আগে গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয় লোকজন। পরে কুমিরটি পাশের আরেকটি পুকুরে চলে যায় বলে ধারণা করা হয়। খবর পেয়ে বন বিভাগ ও ঢাকার বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে গিয়ে জাল ফেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করেন। তবে সেটির অবস্থান শনাক্ত করতে না পারায় অভিযান ব্যর্থ হয়।

এরপর কুমিরটির আর কোনো সন্ধান না পেয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল উপজেলা প্রশাসন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪