নারায়ণগঞ্জ প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী শাখা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মাগরিবের নামাজের পর শহরের মিশনপাড়া মোড়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের পর যে দলের প্রধান নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাঁদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই। বিদেশে পালিয়ে থেকে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণ এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ক্ষমা করবে না। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার বলেন, নারায়ণগঞ্জসহ সারা দেশে বাস, ট্রাকসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে, রাজনৈতিকভাবে বাংলাদেশে দলটির পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই।
তিনি অভিযোগ করেন, ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষকে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিজেদের সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে। বর্তমানে দলটি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।
শেখ হাসিনার প্রসঙ্গ টেনে মাওলানা আবদুল জব্বার বলেন, জনগণের ঐক্য অটুট থাকলে কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
সরকারকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচন ও গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় ঐক্য গঠনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু ক্ষমতার লোভ ও ষড়যন্ত্রের কারণে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা বিলম্বিত হচ্ছে। একই সঙ্গে জাতির ঐক্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি ও দলটির নেতৃত্বের উদ্দেশে মহানগরী জামায়াতের আমির বলেন, শুধু সংসদে জাতীয় ঐক্যের ঘোষণা দিলেই হবে না। বিরোধী রাজনৈতিক দলের ওপর অন্যায়-অবিচার বন্ধ করে বাস্তবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় ঐক্যের বিষয়ে রাজনৈতিক নেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন ও মুহাম্মদ জামাল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে অনেকে ছাতা মাথায় দিয়ে কর্মসূচিতে অংশ নেন। এ সময় নেতাকর্মীরা ‘নারায়ে তাকবির’সহ বিভিন্ন স্লোগান দেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব