| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ: এলাকাবাসীর মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৫ ইং | ০৬:১৩:৪৩:পূর্বাহ্ন  |  ২৪০২০৬৯ বার পঠিত
নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ: এলাকাবাসীর মানববন্ধন
ছবির ক্যাপশন: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ: এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সূর্য নারায়ণপুর এলাকায় একটি রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী এবং যথাযথ নিয়ম না মেনে কাজ করার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে।

সোমবার (৭ জুলাই) দুপুরে এলাকার শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে প্রতিবাদ জানায়। 

জানা যায়, উপজেলার সূর্য নারায়ণপুর এলাকার আব্দুর রশিদের বাড়ি থেকে বক্তারটেক পর্যন্ত দুইশো ৮০ ফুট দৈর্ঘ্য ইটের সলিং রাস্তাটি ৮ ফুট প্রস্থের হওয়ার কথা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতায় ২ লাখ ৮০ হাজার টাকা প্রাক্কলন ধরা হয়েছে। এতে নিম্নমানের ইট ব্যবহার এবং বালি না দিয়েই কাজ শুরুর অভিযোগ উঠেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় ইউপি সদস্য আল-আমিন পালোয়ান বিগত আওয়ামী লীগের সময়ে এলাকার নিরিহ মানুষদের উপর মামলা-হামলাসহ নানাভাবে হয়রানি করেছে। সে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ইতিপূর্বেও বিভিন্ন প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাত করেছে। গণ-অভ্যুত্থানের পর দীর্ঘদিন পালিয়ে বেড়ানো মেম্বার সম্প্রতি এলাকায় এসে রাস্তার কাজ না করেই অর্ধেক টাকা উঠিয়ে নিয়েছে। 

সে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের তোয়াক্কা না করে অন্য এলাকার চিহ্নিত প্রভাবশালীদের ছত্রছায়ায় যেনতেন ভাবে কাজটি করার পাঁয়তারা করছে। উল্টো এলাকাবাসীকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে বেড়াচ্ছেন। তারা অভিযুক্ত ইউপি সদস্যকে বরখাস্ত সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এব্যাপারে এলাকার রানা শেখ নামে এক ব্যক্তি সোমবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মঈনুল ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার কাজল, অভিযোগকারী মো. রানা শেখ প্রমুখ।

অভিযোগের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, অভিযোগের ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিনে পাঠানো হয়েছে। ত্রুটি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম বলেন, অভিযোগের ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। 

এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪