রিপোর্টার্স২৪ ডেস্ক :
প্রয়োজন হলে শেখ হাসিনাকে ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, 'ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করতে প্রয়োজন হলে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে।'
সোমবার (৪ আগগস্ট) জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষ্য পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আগামীকাল জুলাই গণঅভ্যুত্থানের এক বছরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কূটনীতিক তৎপরতা কী এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা তো এটা কখনোই গোপন করি না। আমরা চেয়েছি তাকে ফেরত দেওয়া হোক যাতে বিচারের সম্মুখীন করা যায়।'
তিনি আরও বলেন, 'ভারত থেকে কোনো পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি। আর ইতোমধ্যে বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে। কেউ আসুক বা না আসুক তাতে তো বিচার আটকে থাকে না।'
তাকে ফেরত আনার ক্ষেত্রে আন্তর্জাতিক কোনো সহযোগিতা নেওয়া হবে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যদি কখনো প্রয়োজন মনে করে সরকার তখন সেটা হতে পারে। কিন্তু এই মুহূর্তে সেরকম কোনও প্রয়োজন দেখছি না।'