| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভয়ানক ১,৪০৫ অস্ত্র এখনো দুর্বৃত্তদের হাতে

অস্ত্র উদ্ধারে অভিযান চললেও মিলছে না সব অস্ত্রের হদিস

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৯, ২০২৫ ইং | ০৫:৩৯:১৫:পূর্বাহ্ন  |  ১৬৬৯৯০০ বার পঠিত
অস্ত্র উদ্ধারে অভিযান চললেও মিলছে না সব অস্ত্রের হদিস
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

সারা দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া ১ হাজার ৪০৫টি ভয়ানক আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। এর মধ্যে গণভবন থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) লুট হওয়া ৩২টি অস্ত্রও রয়েছে। সরকারি হিসাবে, লুট হওয়া মোট অস্ত্রের ২৪ শতাংশের কোনো সন্ধান মিলছে না, যার সংখ্যা ১ হাজার ৩৭৩টি। পাশাপাশি প্রায় আড়াই লাখ গোলাবারুদ ও বহু বিপজ্জনক অস্ত্র এখনো সন্ত্রাসীদের হাতে।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও আগ্নেয়াস্ত্র হাতে গুলি চালাতে দেখা যায়। কিন্তু প্রকাশ্যে গুলি চালানোদের বেশিরভাগই এখনো ধরা পড়েনি। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছ থেকেও গুলি চালানোর সময় ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, অনেক অস্ত্রধারী ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছে, বাকিরা গা-ঢাকা দিয়ে আছে। ভুক্তভোগীদের অভিযোগ, এসব ক্যাডার এখনো অনলাইন-অফলাইনে হুমকি দিয়ে আতঙ্ক ছড়াচ্ছে, যার ফলে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি, আহত ও নিহতদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।


রাজধানী ও অন্যান্য শহরে সশস্ত্র তাণ্ডব

২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হল এলাকায় প্রথম প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। আন্দোলনকারীদের দিকে পিস্তল তাক করে গুলি চালাতে দেখা যায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাসান মোল্লাকে, যিনি এখনো পলাতক। একইভাবে নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, জিগাতলা, উত্তরা, মোহাম্মদপুর, সিলেট ও চট্টগ্রামে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মীকে প্রকাশ্যে গুলি চালাতে দেখা গেছে।

তাদের মধ্যে অনেকেই সাবেক কাউন্সিলর, ছাত্রনেতা বা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। সরকার পতনের পর বেশিরভাগ দেশ ছেড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া কয়েকজনের কাছ থেকেও কোনো অস্ত্র উদ্ধার হয়নি।


লুট হওয়া পুলিশি অস্ত্রের উদ্ধার অভিযান

আওয়ামী লীগ সরকারের পতনের আগে-পরে সারা দেশে বহু থানা ও পুলিশ স্থাপনায় হামলা চালিয়ে লুট হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, মোট ৫ হাজার ৭৫৩টি আগ্নেয়াস্ত্র ও ৬ লাখ ৫১ হাজার ৮৩২ রাউন্ড গুলি লুট হয়েছিল। এর মধ্যে ৪ হাজার ৩৯০টি অস্ত্র (৭৬%) এবং ৩ লাখ ৯৪ হাজার ১১২ রাউন্ড গুলি (৬০%) উদ্ধার হয়েছে।

পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানিয়েছেন, অবশিষ্ট অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। ইতিমধ্যেই অনেক অস্ত্রধারী গ্রেপ্তার হয়েছে, বাকিদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪