আশিস গুপ্ত, নয়াদিল্লি :
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের আমেরিকায় বসে করা মন্তব্যের কড়া নিন্দা জানাল ভারত। এই মন্তব্যগুলিকে "পারমাণবিক ব্ল্যাকমেইলিং" এবং পাকিস্তানের সামরিক নেতৃত্বের "দায়িত্বজ্ঞানহীনতা"র প্রমাণ বলে অভিহিত করেছে নয়াদিল্লি।
ভারতের বিদেশ মন্ত্রক এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, মুনিরের মন্তব্যগুলি "পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থার অখণ্ডতা" সম্পর্কে দীর্ঘদিনের সন্দেহকে আরও শক্তিশালী করেছে। বিদেশ মন্ত্রকের মতে, পাকিস্তান এমন একটি রাষ্ট্র যেখানে সামরিক বাহিনী "সন্ত্রাসী গোষ্ঠীগুলির সঙ্গে হাত মিলিয়ে কাজ করে"। বিদেশ মন্ত্রক আরও বলেছে, “এই ধরনের মন্তব্যের মধ্যে যে দায়িত্বজ্ঞানহীনতা নিহিত, আন্তর্জাতিক সম্প্রদায় তার নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে।" একটি "বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাটি থেকে" এমন হুমকি দেওয়া কে "দুর্ভাগ্যজনক" বলেও উল্লেখ করা হয়েছে।
নতুন দিল্লি তার অবস্থান পুনর্ব্যক্ত করে স্পষ্ট করে দিয়েছে যে, তারা “পারমাণবিক ব্ল্যাকমেইলিং-এর কাছে নতিস্বীকার করবে না” এবং “জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ” চালিয়ে যাবে।
জানা গেছে, জেনারেল মুনির ফ্লোরিডার টাম্পায় পাকিস্তানি প্রবাসী সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি অভিযোগ করেন যে, যদি পাকিস্তানের অস্তিত্ব সংকটে পড়ে, তবে তারা "বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ডুবে যাবে"।
এক প্রতিবেদনে মুনিরের মন্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, "আমরা একটি পারমাণবিক জাতি। যদি আমরা বিশ্বাস করি যে আমরা ডুবে যাচ্ছি, তবে আমরা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ডুবে যাব।" এই মন্তব্যকে আমেরিকার মাটি থেকে কোনো তৃতীয় দেশকে পারমাণবিক হুমকি দেওয়ার প্রথম ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।
এই হাই-প্রোফাইল অনুষ্ঠানে প্রায় ১২০ জন ফ্লোরিডায় বসবাসকারী পাকিস্তানি-আমেরিকান উপস্থিত ছিলেন, যেখানে সেলফোন এবং ডিজিটাল ডিভাইস নিষিদ্ধ ছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন।মুনির সিন্ধু জল চুক্তি নিয়েও মন্তব্য করেন এবং ভারতকে হুমকি দেন যে, যদি ভারত এমন কোনো বাঁধ তৈরি করে যা পাকিস্তানের দিকে জলের প্রবাহ কমাতে পারে, তবে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। এপ্রিল মাসের পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি এই চুক্তি স্থগিত করার বিষয়টি তুলে ধরে তিনি অভিযোগ করেন যে এমন পদক্ষেপ “২৫০ মিলিয়ন পাকিস্তানিকে অনাহারের ঝুঁকিতে ফেলতে পারে”।আলাদা একটি প্রসঙ্গে মুনির দাবি করেন যে, সাম্প্রতিক চার দিনের যুদ্ধে ভারত তার ক্ষয়ক্ষতির সংখ্যা প্রকাশ করেনি এবং নয়াদিল্লিকে "খেলোয়াড়ি মনোভাব" দেখিয়ে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, ভারত এমন করলে পাকিস্তানও একই কাজ করবে।
রিপোর্টার্স২৪/এসএন