স্টাফ রিপোর্টার: জুলাই-আগস্টের আন্দোলনকালে গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ ব্যাপারী হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২০ আগস্ট) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। এর আগে ১২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম আবেদনটি করেন।
এজাহার অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই আন্দোলনের সময় গুলশান থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে যোগ দেন ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ ব্যাপারী। জুমার নামাজ শেষে মিছিলে অংশ নিলে আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. সবুজ চলতি বছরের ২ জুলাই গুলশান থানায় মামলা করেন।
এর আগেই গত ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোডে কয়েকজন যুবক অভিনেতা সিদ্দিককে আটক করে মারধর করে রমনা মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তীতে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। পরদিন আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে ৭ মে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব