সিনিয়র রিপোর্টার : মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপন ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির অনুসন্ধানে জানা যায়, মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণের উদ্দেশ্যে সিন্ডিকেট করে ৮ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বাড়ি ও জমি ক্রয় করে অঢেল সম্পদের মালিক হয়েছে রুহুল আমিন (স্বপন)। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে এসব সম্পত্তি ক্রোক করা হয়েছে।
বুধবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, রুহুল আমিনের জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনালের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তরা এলাকার সাতটি দলিলের মোট জমির পরিমাণ ২৩১ কাঠা। যার দলিলমূল্য ১৫ কোটি ৫৫ লক্ষ ৩৩ হাজার টাকা। এসব জমি ও বিভিন্ন অবকাঠামোসহ মোট ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে।
তিনি আরও বলেন, তিনি মানি লন্ডারিংয়ের অপরাধে অভিযুক্ত। এ সিন্ডিকেটের অপর সদস্যদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন