সিনিয়র রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলার মধ্যে অদ্যাবধি ২৬টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা আটটি এবং অন্যান্য ধারায় মামলা ১৮টি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) পুলিশ সদরদপ্তরের জানায়, চার্জশিটকৃত আটটি হত্যা মামলা হলো, শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও কুড়িগ্রাম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য ধারার ১৮টি মামলা হলো বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও জামালপুর জেলার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের।
পুলিশ সদরদপ্তরের আরও জানায়, হত্যা মামলায় মোট আসামি এক হাজার ১৫৩ জন এবং অন্যান্য ধারার মামলায় মোট আসামি ৬৮২ জন। ছাত্র-জনতার অভ্যুত্থানকালে দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলো তদারক করছেন। এছাড়া অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন