সিনিয়র রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী বলেছেন, ২০১৮ সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেই বদনাম গোছানোর একটি সুযোগ তৈরি হয়েছে। সামনের নির্বাচনটি দেশে-বিদেশে সর্বজন গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করবে পুলিশ।
শুক্রবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যাব নাইট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সন্ধ্যার পর অনুষ্ঠিত প্রোগ্রামে ক্র্যাবের পক্ষ থেকে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী এবং জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর কে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এছাড়াও ক্র্যাব কার্যনির্বাহী কমিটির-২০২৪ সালের নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট দেয়ার পাশাপাশি নতুন কমিটির নেতৃবৃন্দকেও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
এরপর চলতি বছর (২০২৫) এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ক্র্যাব সদস্য সন্তানদেরকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। সবশেষে ক্র্যাব সদস্য ও পরিবারের সদস্যদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশবরেণ্য বিখ্যাত সংগীত শিল্পী আসিফ আকবর, জনপ্রিয় সংগীত শিল্পী জ্যোতি ও তরুণ মুন্সী।
ডিএমপি কমিশনার আরও বলেন, ক্রাইম রিপোর্টার এবং পুলিশ একই ধরনের কাজ করে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হয়। ডিএমপি সব সময় ক্র্যাবের পাশে রয়েছে। আমার অবস্থান থেকে যতদূর সম্ভব আমি আপনাদের পাশে থাকবো।
তিনি বলেন, জুলাই আন্দোলনে পুলিশের অনেক সদস্য মারা গেছেন পুলিশের বিভিন্ন স্থাপনায় ক্ষতি হয়। বড় ক্ষতি হয়েছে পুলিশের মনোবল ভেঙ্গে গেছে। আমরা সম্মিলিত প্রচেষ্টায় পুলিশের মনোবল পুনরুদ্ধার করতে পেরেছি।
আসিফ আকবর ক্র্যাব কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শারীরিক অসুস্থতার পরেও ক্র্যাবের আমন্ত্রণ ফিরিয়ে দিতে পারিনি।
ক্র্যাব'র সাবেক সভাপতি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)'র বর্তমান সভাপতি আবু সালেহ আকন সবাইকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মির্জা মেহেদি তমাল, সাধারণ সম্পাদক এমএম বাদশাহ্, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি জসীম উদ্দীন, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান।
রিপোর্টার্স২৪/সোহাগ