এন্টারটেইনমেন্ট ডেস্ক:
টিকটকে লাইভ চলাকালীন গুলি করে হত্যা করা হয়েছে মেক্সিকান টিকটকার ভ্যালেরিয়া মার্কেজকে। গত মঙ্গলবার (১৩ মে) ঘটনাটি ঘটেছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।
২৩ বছর বয়সী ভ্যালেরিয়া মার্কেজ ছিলেন মেক্সিকান জনপ্রিয় বিউটি ইনফ্লুয়েন্সার। মেক্সিকোর জালিস্কো রাজ্যের জাপোপান এলাকার একটি বিউটি সেলুনে কাজ করতেন তিনি। সেখানেই হত্যাকাণ্ডের শিকার হন।
ঘটনার সময় সেলুনে ছিলেন ভ্যালেরিয়া। টিকটকে লাইভ করছিলেন তিনি। সে সময় হঠাৎ এক ব্যক্তি সেলুনে ঢুকে গুলি করেন ওই বিউটি ইনফ্লুয়েন্সারকে। এরকম জানিয়েছে রাষ্ট্রীয় প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে।
এদিকে এরইমধ্যে এ হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে রাষ্ট্রীয় প্রসিকিউটর অফিস। দেশটির তদন্ত কর্মকর্তাদের মতে, এই নারীহত্যার সঙ্গে জড়িয়ে থাকতে পারে হিংসা, যৌন নির্যাতন, হত্যাকারীর সঙ্গে কোনো সম্পর্ক। গুলি চলার কয়েক সেকেন্ড আগেই ভেলেরিয়া মার্কেজ তার টিকটকে লাইভস্ট্রিমিং করছিলেন। টেবিলে বসে একটি খেলনা হাতে এই লাইভস্ট্রিমিং চলছিল।
ওই সময় হঠাৎ তাকে বলতে শোনা যায়, ‘ওই ওরা আসছে।’ বাইরে থেকে একজনের কণ্ঠস্বর শোনা যায়, ‘হেই, ভ্যাল?’। এর উত্তরে ভেলেরিয়া ‘হ্যাঁ’ বলার পরে আর কোনও শব্দ পাওয়া যায় না। কিছুক্ষণ পরে শোনা যায় গুলির শব্দ। এক ব্যক্তিকে দেখা যায় ফোন তুলে নিতে। তখনও লাইভস্ট্রিমিং চলছিল।
কিছুক্ষণের জন্য ওই ব্যক্তির মুখ দেখা যায়। একই লাইভস্ট্রিমে গুলি করার কিছুক্ষণ আগে একটি অজানা ব্যক্তির আগমন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভ্যালেরিয়া মার্কেজ। ওই ব্যক্তি তার অনুপস্থিতিতে সেলুনে এসেছিলেন এবং দাবি করেছিলেন যে তিনি মার্কেজের জন্য একটি দামী উপহার নিয়ে এসেছেন। তবে মার্কেজ লাইভে দর্শকদের জানান, তিনি ওই ব্যক্তির ফিরে আসার বিষয়ে আগ্রহী নন।
টিকটক ও ইনস্টাগ্রামে জনপ্রিয় ছিলেন ভ্যালেরিয়া। দুই লাখেরও বেশি অনুসারী তার। ফলে শোকের ছায়া নেমেছে তার অনুসারীদের মধ্যে। সামাজিক মাধ্যমে সেই শোক প্রকাশ করছেন তারা।
রিপোর্টার্স২৪/ধ্রুব