| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজী সালাউদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৫ ইং | ১১:৫৭:১৭:পূর্বাহ্ন  |  ১৮১৮৮৬২ বার পঠিত
গাজী সালাউদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : দুর্নীতির অভিযোগের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (সাময়িক অব্যাহতি প্রাপ্ত) গাজী সালাউদ্দিন তানভীরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একইসঙ্গে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

এদিন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান আদালতে একটি আবেদন করেন, যেখানে বলা হয়— সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এসবের মাধ্যমে তিনি নামে-বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ উঠেছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, চলমান অনুসন্ধানের সময় বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে অভিযুক্ত ব্যক্তি দেশত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে তার বিদেশে যাওয়ায় নিষেধাজ্ঞা আরোপ এবং জাতীয় পরিচয়পত্র ব্লক করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

আদালত বিষয়টি আমলে নিয়ে দুদকের আবেদন মঞ্জুর করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪