সিলেট প্রতিনিধি: সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর সেবা নিয়ে বিরোধের জেরে শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলা, ভাঙচুর ও হেনস্তার ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চারতলার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত শিক্ষানবিশ চিকিৎসকদের কথা কাটাকাটির একপর্যায়ে মারামারির সৃষ্টি হয়। এ সময় এক নারী ইন্টার্ন চিকিৎসক হামলার শিকার হন এবং ওয়ার্ডে ভাঙচুর চালানো হয়।
ঘটনার খবর পেয়ে রাতেই কোতোয়ালি থানা পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হামলা ও ভাঙচুরের অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতদের সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।
আটক ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের ছাতক থানার খৈতর গ্রামের সুরুজ আলীর ছেলে শিমুল আহমদ (৩৫), তার স্ত্রী নাজিরা সিদ্দিকা (৩২) এবং একই থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা জাবেদ মিয়া (৩০)। পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে দুজন আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের একজন নারী ও একজন পুরুষকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে কোতোয়ালি থানায় হেফাজতে রাখা হয়েছে।
এদিকে ঘটনার পরপরই শুক্রবার রাতে এক বিবৃতিতে ইন্টার্ন চিকিৎসকরা জানান, কর্তব্যরত অবস্থায় একজন নারী শিক্ষানবিশ চিকিৎসকের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা চরম উদ্বেগজনক ও লজ্জাজনক। একটি চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে আরও বলা হয়, ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই হামলার প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/আয়েশা