| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ০৮:১১:৪৫:পূর্বাহ্ন  |  ১৪৩২৭২৩ বার পঠিত
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: জুলাই গণ–অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পুড়িয়ে দেওয়াসহ সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়ে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন আশুলিয়া থানার এলাকায় ছয়জনকে গুলি করে হত্যা করা হয় এবং পরে তাঁদের লাশ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে ফেলা হয়। নিহতদের একজন তখনও জীবিত ছিলেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। নিহতদের মধ্যে সাজ্জাদ হোসেন, আস–সাবুর, তানজিল মাহমুদ, বায়েজিদ বোস্তামী ও আবুল হোসেনসহ কয়েকজনের নাম উঠে আসে।

এই মামলায় মোট ১৬ জনকে আসামি করা হয়। এর মধ্যে আটজন গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। কারাবন্দি আসামিরা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চৌকদার।

অন্য আট আসামি এখনো পলাতক রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ, সাবেক পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক পরিদর্শক নির্মল কুমার দাস, সাবেক সহকারী উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা এবং যুবলীগ ক্যাডার রনি ভূইয়া।

উল্লেখ্য, আশুলিয়ায় একটি ভ্যানে লাশ স্তূপ করে পরে আগুনে পোড়ানোর দৃশ্য সংবলিত ভিডিও আন্তর্জাতিকভাবে আলোচিত হয়। ভিডিওগুলোর সত্যতা যাচাই করে জাতিসংঘের প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ গঠনের পর এটি তাদের দেওয়া প্রথম রায়। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ জুলাই গণ–অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা দুটি মামলার রায় দিয়েছেন। এর মধ্যে এক মামলায় গত ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড পান।

এ ছাড়া গত ২৬ জানুয়ারি রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং অপর পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল–১।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪