সিনিয়র রিপোর্টার: নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং ব্যালট বাক্স সুরক্ষায় প্রয়োজনে যেকোনও ধরনের কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ জন্য দেশের বিভিন্ন কেন্দ্রে লক্ষাধিক সদস্য মোতায়েন করা হয়েছে।
সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর রোলার স্কেটিং কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মো. মনজুর হোসেন জানান, এবার ভোটকেন্দ্রের আঙ্গিনা পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের অনুমতি দেওয়া হয়েছে। এ কর্মসূচি ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে।
তিনি আরও জানান, যানবাহনের ঘাটতির কারণে অসামরিক প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে, যাতে টহল কার্যক্রমে কোনো বাধা না আসে। এছাড়া ২০ জানুয়ারি থেকে মাত্র ১৪ দিনে প্রায় দেড় শতাধিক অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ককটেল এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সময়ে ২২,২৮২ জন চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্গম বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রে প্রয়োজনে সামরিক হেলিকপ্টার ও নৌযানের মাধ্যমে কর্মকর্তা ও নির্বাচনি সরঞ্জাম পরিবহন করা হবে। নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে; ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অডিও–ভিডিও ক্যামেরা ও মনিটরিং ব্যবস্থা থাকবে।
তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচার ভোটারদের আতঙ্কিত করতে পারে, তাই বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেনাবাহিনী নির্বাচন কমিশন, অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সঙ্গে সমন্বয় রেখে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি