| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটের রাতেই কেন্দ্রভিত্তিক ফল, কম্পাইলেশন ১৩ ফেব্রুয়ারি: ইসি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ১৭:০৮:৩৩:অপরাহ্ন  |  ১৩৮৭৬৮২ বার পঠিত
ভোটের রাতেই কেন্দ্রভিত্তিক ফল, কম্পাইলেশন ১৩ ফেব্রুয়ারি: ইসি
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ভোটগ্রহণ শেষ হওয়ার পর দিনগত রাতের মধ্যেই কেন্দ্রভিত্তিকভাবে ঘোষণা করা হবে। তবে সব কেন্দ্রের ফলাফল একত্র করে চূড়ান্ত কম্পাইলেশন করা হবে ১৩ ফেব্রুয়ারি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা কার্যক্রম একই সঙ্গে শুরু হবে এবং একই সঙ্গে ফল ঘোষণা করা হবে। এর ব্যাখ্যায় তিনি বলেন, যদি সংসদ নির্বাচনের ফল আগে ঘোষণা করা হয়, তাহলে প্রার্থী ও এজেন্টরা চলে যেতে পারেন। আবার গণভোটের ফল আগে ঘোষণা করলে বাইরে অস্থিরতা তৈরি হতে পারে। এ কারণে দুইটির ফল একসঙ্গেই ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার আরও বলেন, ফলাফল ঘোষণা এবং কম্পাইলেশন দুটি আলাদা বিষয়। কেন্দ্রভিত্তিক আনঅফিশিয়াল ফলাফল রাতেই জানা যাবে। তবে সব কেন্দ্রের ফল সংগ্রহ করে আনুষ্ঠানিকভাবে একত্র করার প্রক্রিয়াই হলো কম্পাইলেশন।

তিনি জানান, অভিজ্ঞতা অনুযায়ী বেশিরভাগ কেন্দ্রের ফল মধ্যরাতের মধ্যেই নির্বাচন কমিশনে পৌঁছে যায়। তবে কিছু দূরবর্তী কেন্দ্রের ফল আসতে সময় লাগতে পারে, যা পরদিন সকালে পাওয়া যায়।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রতিটি কেন্দ্রে ঘোষিত আনঅফিশিয়াল ফলাফল ফরম-১৮-এ লিপিবদ্ধ করা হবে এবং প্রার্থী বা তাঁদের এজেন্টদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরের মাধ্যমে তা নিশ্চিত করা হবে। এসব ফলাফলের ভিত্তিতেই পরবর্তীতে গেজেট প্রকাশ করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪