স্টাফ রিপোর্টার:
বর্তমান সরকারকে জুলাই সনদ ও গণভোটসহ বিভিন্ন দাবি মানতে রাজপথে নামার প্রস্তুতির কথা জানিয়ে হুঁশিয়ারি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তিতাকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, শুধু জাতীয় সংসদে নয়, রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণআন্দোলনের মাধ্যমেই সরকারকে জুলাই সনদ, গণভোটসহ শ্রমিকদের অধিকারসংক্রান্ত সব দাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করাতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, মানুষের অধিকার আদায়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার তা ভঙ্গ করেছে। এ ধরনের ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয় না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, যেখানে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ছিল কিন্তু সেই প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে সেই সঙ্গে তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন, রাজনীতি, অর্থনীতি ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। সে লক্ষ্যে শ্রমিক, ছাত্র ও সাধারণ জনগণকে এক কাতারে দাঁড়াতে হবে।
রিপোর্টার্স২৪/ফয়সাল