| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১৪:৪৭:৪৭:অপরাহ্ন  |  ৫৬৬ বার পঠিত
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা প্রায় এক মাস পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী ৭ জুন থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে ২ জুলাই থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নতুন সময়সূচি অনুমোদন করেন বলে একাধিক বোর্ড চেয়ারম্যান নিশ্চিত করেছেন।

এক বোর্ড চেয়ারম্যান জানান, পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ার বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বেগ সভায় গুরুত্বসহকারে আলোচিত হয়। পাশাপাশি পরীক্ষা পেছালে সম্ভাব্য জটিলতা নিয়েও আলোচনা করা হয়।

সব দিক বিবেচনা শেষে শিক্ষামন্ত্রী পরীক্ষা এক মাসের মতো পিছিয়ে ২ জুলাই থেকে শুরু করার নির্দেশ দেন। একই সঙ্গে দ্রুত নতুন পূর্ণাঙ্গ সময়সূচি (রুটিন) প্রস্তুত করে প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে ৭ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী এপ্রিলের প্রথম সপ্তাহেই পরীক্ষার রুটিন চূড়ান্ত করে মন্ত্রণালয়ে জমা দেয় শিক্ষা বোর্ডগুলো। তবে পরবর্তী সময়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হলো।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষার সুষ্ঠু আয়োজন এবং শিক্ষার্থীদের প্রস্তুতি নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪