নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে বাবুল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বড়দল গ্রামের সোনাফর মিয়ার ছেলে বাবুল মিয়া (৬৫) বড়দল পূর্বপাড়া গ্রামের সোবহান মুন্সীর ছেলে হাবিবুর রহমানের (৬০) কাছে প্রায় ২০ থেকে ২৫ দিন আগে ধান কাটার মজুরি বাবদ ১০ হাজার টাকা পাওনা ছিলেন।
রোববার সকাল পৌনে ৯টার দিকে বাবুল মিয়া ধান ভাঙানোর মেশিনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এ সময় তার ছেলে সিরাজুল ইসলাম (২৪) পাশের ধানক্ষেতে ধান কাটছিলেন। একপর্যায়ে সিরাজুল তার ক্ষেতের পাশ দিয়ে হাবিবুর রহমানকে যেতে দেখে বাবার পাওনা টাকা চান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
কথা কাটাকাটির একপর্যায়ে হাবিবুর রহমানের সঙ্গে থাকা বাদশাহ মিয়ার ছেলে সাদ্দাম (২৫), হুজু মিয়ার ছেলে মোস্তাকিম (৩৫) ও মোজাকিম (২৬) সিরাজুলকে মারধর করতে শুরু করেন।
এ দৃশ্য দেখে বাবুল মিয়া তার ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাকে ফেলে এলোপাতাড়ি মারধর করে। পরে বাবা-ছেলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাবুল মিয়াকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাসেম জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোস্তাকিম নামে একজনকে আটক করা হয়েছে। মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স/এসএন