নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় ৪৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ নাসির উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নেত্রকোণা পুলিশ সুপার তরিকুল ইসলাম ও কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেমের নির্দেশনায় সোমবার (১৮ মে) মধ্যরাতে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গৌরীপুর ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নাসির উদ্দিন গৌরীপুর গ্রামের শাহজাহানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশেষ কৌশলে সিলিন্ডারের ভেতরে ও চালের বস্তায় করে ভারতীয় মদ পাচারের সময় তাকে আটক করা হয়। এ সময় ৪৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়।
অভিযানে অংশ নেন উপপরিদর্শক ফেরদৌস আলম, সহকারী উপপরিদর্শক আল মামুন, সহকারী উপপরিদর্শক নজরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মাজহারুলসহ সঙ্গীয় সদস্যরা।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম জানান, মাদকের বিরুদ্ধে কলমাকান্দা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে সমাজের সচেতন মহলকে সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আটক মাদক চোরাকারবারি নাসির উদ্দিনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স২৪/এসএন