স্টাফ রিপোর্টার: সরকার গঠনের পাঁচ মাস পর আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক দল ও সমমনা জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নৈশভোজ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে আমন্ত্রণ পেলেও বৈঠকে অংশ নিচ্ছে না বিএনপির অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম। দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দীকে আমন্ত্রণ জানানো হলেও তারা বা দলের কোনো প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।
জমিয়তের মহাসচিব মঞ্জরুল ইসলাম আফেন্দী বলেন, শরিক দল হিসেবে তারা আমন্ত্রণ পেয়েছেন, কিন্তু দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্তের কারণে বৈঠকে অংশ নেবেন না। তবে এ সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ তিনি জানাননি।
দলীয় সূত্রের দাবি, নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে যথাযথ মূল্যায়ন ও যোগাযোগ না থাকায় জমিয়তের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। সম্প্রতি দলটির সভাপতি উবায়দুল্লাহ ফারুকও অভিযোগ করেন, সরকার গঠনের পর বিএনপি তাদের সঙ্গে কোনো বৈঠক বা আনুষ্ঠানিক যোগাযোগ রাখেনি এবং দলটিকে উপেক্ষা করেছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়েছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর সরকার গঠনের পর এই প্রথম শরিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রিপোর্টার্স২৪/বাবি