আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল হামলা চালালে তেহেরানও পাল্টা হামলা চালাবে। রোববার (৪ মে) তিনি একথা বলেন। সূত্র: রয়টার্স
ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহেরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন। এরপরই নাসিরজাহেদ এমন মন্তব্য করলেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র অথবা জায়নবাদী শাসকের (ইসরায়েল) মাধ্যমে যদি এই যুদ্ধ শুরু হয় তাহলে তেহেরান তাদের সামরিক ঘাঁটি, বাহিনী এবং অন্যান্য স্থাপনার ওপর হামলা চালাবে। তাতে যেখানেই তারা থাকুক না কেন। যখনই প্রয়োজন হবে তখনই হামলা চালানো হবে।’
গতকাল হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ফিলিস্তিনের গাজাবাসীদের প্রতি একাত্মতা প্রকাশ করে ক্রমাগত হামলার মধ্যে সর্বশেষ বিমানবন্দরে হামলা চালানোর ঘটনা ঘটল।
হামলার পরই এক্স পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, হুতিদের হামলা মূলত ইরান থেকেই এসেছে। আমাদের পছন্দের স্থান এবং সময় অনুযায়ী অবশ্যই এর প্রতিক্রিয়া জানানো হবে।
ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে নাসিরজাহেদ বলেন, হুতিদের নিজস্ব উদ্দেশ্য রয়েছে।
ইরান সমর্থিত এই গোষ্ঠীটি হামাস যোদ্ধাদের সমর্থনে ইসরায়েলে ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় এই গোষ্ঠীটির শক্তি দুর্বল করতে গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে ব্যাপকভাবে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হুতিদের হামলার জন্য ইরান দায়ী থাকবে।
নাসিরজাদেহ বলেন, প্রতিবেশী দেশেরগুলোর প্রতি ইরানের কোনো ক্ষোভ নেই। তবে হামলার ক্ষেত্রে তেহেরান অবশ্যই এ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর প্রতি লক্ষ্য রাখবে।
এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গতকাল ইরান ১২০০ কিলোমিটার দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (কাশেম বাসির) উন্মোচন করেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব